এপ্রিল ১৭, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফাইনাল ইতিহাসে এগিয়ে ভারত, আত্মবিশ্বাসী বাংলাদেশ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি: বাফুফে

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক:

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। সেমিফাইনালে নিজেদের ম্যাচ জিতে দুই দলই নিশ্চিত করেছে ফাইনাল।

মালদ্বীপের রাজধানী মালেতে বুধবার প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। পরে দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দেয় ভারত।

একই ভেন্যুতে আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

চলতি আসরের গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল দুই দল। সে ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ভারতকে ১-১ গোলে ড্রয়ে আটকে দেয় বাংলাদেশ।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতা এখন পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০—এই তিন ক্যাটাগরিতে মোট সাতবার অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চারবার শিরোপা জিতেছে ভারত, নেপাল দুইবার এবং বাংলাদেশ একবার।

২০২৪ সালে প্রথমবারের মতো শিরোপা জেতে বাংলাদেশ, সেবার ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারায় তারা।

সব ক্যাটাগরি মিলিয়ে এটি বাংলাদেশ ও ভারতের চতুর্থ ফাইনাল মুখোমুখি। এর আগে ২০১৯ (অনূর্ধ্ব-১৮), ২০২২ (অনূর্ধ্ব-২০) এবং ২০২৫ (অনূর্ধ্ব-১৯) আসরের ফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। এবার সেই ইতিহাস বদলানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ