নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :
শিল্প ও সংস্কৃতিতে অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ গ্রহণ করেছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক ও নির্মাতা কে এম হানিফ (হানিফ সংকেত)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন। এর আগে গত ৫ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে হানিফ সংকেতকে এই সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে সামাজিক মাধ্যমে নিজের এই প্রাপ্তির অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন বরেণ্য হানিফ সংকেত।
তিনি একাধারে উপস্থাপক, পরিচালক, লেখক, প্রযোজক, গায়ক, সুরকার ও গীতিকার। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ‘ইত্যাদি’র মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সুনিপুণভাবে তুলে ধরছেন। সামাজিক অসংগতি নিয়ে তার তীক্ষ্ণ অথচ মার্জিত হাস্যরস দর্শকদের কাছে ব্যাপক সমাদৃত।








