এপ্রিল ১৭, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ

রাজধানীতে কলমের আদলে তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

ঢাকার কেরানীগঞ্জ থেকে কলমের আদলে তৈরি ‘পেনগান’ নামে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)। গত ৩ এপ্রিল পুরান ঢাকার তাঁতীবাজারে যুবদল নেতা রাসেলকে (৩১) গুলি করে হত্যাচেষ্টায় এই অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে জানা গেছে।

বুধবার (৮ এপ্রিল) লালবাগ গোয়েন্দা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার সাংবাদিকদের বলেন, ‘রাসেলকে গুলির ঘটনায় ৩ এপ্রিল একটি মামলা করা হয়। এরপর আমরা ছায়া তদন্ত শুরু করি।

আসামিরা রাসেলের পরিচিত হওয়ায় তাদের পরিচয় বের করতে আমাদের সমস্যা হয়নি। ভুক্তভোগী আমাদের জানান, কলমের মতো একটি অস্ত্র তার বুকে ঠেকিয়ে গুলি করা হয়।’
এ ঘটনায় কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার সোহেলের কাছ থেকে ‘পেনগানটি’ উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি দেখতে অবিকল কলমের মতো।

মোস্তাক সরকার জানান, অস্ত্রটি কিভাবে দেশে এসেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করা হচ্ছে। এই অস্ত্র আনার পেছনে জড়িতদেরও শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি দেশের অন্য কোথাও এ ধরনের অস্ত্র ব্যবহার করা হচ্ছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।

ডিবি পুলিশ জানায়, দুর্বৃত্তরা রাসেলকে লক্ষ্য করে গুলি চালালে একটি গুলি তার বুকের বাঁ পাশে লাগে।

‎আহত রাসেল কোতোয়ালি থানা যুবদলের সদস্য। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যাচেষ্টা মামলা হয়।
পুলিশ আরো জানায়, রাসেলকে গুলির ঘটনায় জড়িত সায়মন ও সোহেল ওরফে কাল্লু নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানান, পেনগানটি প্রায় ৮০ হাজার টাকায় সংগ্রহ করা হয়েছিল।

ডিবি জানায়, কলমের মতো দেখতে ‘পেনগান’ সহজে বহনযোগ্য।

এটি পোশাকের যেকোনো জায়গায় লুকিয়ে রাখা যায়। আকারে ছোট হওয়ায় সহজেই পকেট বা ব্যাগে রাখা যায় এবং তল্লাশির সময় অনেক ক্ষেত্রে চোখ এড়িয়ে যেতে পারে। অস্ত্রটিতে কোনো নির্মাতা প্রতিষ্ঠানের নাম বা চিহ্ন নেই। তাই এর উৎস নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে, পার্শ্ববর্তী কোনো দেশ থেকে এটি আনা হয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ