অক্টোবর ১৮, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ

ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

​ইয়ামিন হোসেন , অমৃতালোক :

ভোলা সদর উপজেলায় প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে আসিফ নামে অভিযুক্ত এক যুবকের মৃত্যু হয়েছে।

গত শনিবার (১৭ অক্টবর) সন্ধ্যায় রাজাপুরের আনন্দবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আহত বিএনপি নেতা হোসেন ম্যানেজারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন ম্যানেজার প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেন রাজাপুরের বাসিন্দা আসিফকে। এর জেরে গত শনিবার সন্ধ্যায় আনন্দবাজার এলাকায় হোসেন ম্যানেজারের ওপর অতর্কিত হামলা চালায় আসিফ। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

হামলার খবর ছড়িয়ে পড়লে রাজাপুরের ক্ষুব্ধ জনতা অভিযুক্ত আসিফকে ঘিরে ফেলে এবং গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মারাত্মক আহত অবস্থায় আসিফকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। আজ রোববার ভোররাতে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আসিফ। অন্যদিকে, কুপিয়ে জখম হওয়া বিএনপি নেতা হোসেন ম্যানেজারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে নিহতের মা হালিমা বেগম জানান, “আমার ছেলে মাদকাসক্ত এবং হোসেন ম্যানেজারকে কুপিয়েছে সবই সঠিক, তাই বলে হত্যা করবে? আমি এটার বিচার চাই।” অন্যদিকে স্থানীয় বিএনপি নেতা আবুল খায়ের বলেন, “আসিফ মাদকাসক্ত, সে পূর্বেও একাধিকবার জেল খেটেছে।” এদিকে আসিফের মৃত্যুকে কেন্দ্র করে একটি পক্ষ রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “স্থানীয় হোসেন ম্যানেজারকে ছুরিঘাতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা আসিফকে গণপিটুনি দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।”

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ