রিয়াজ হোসেন শান্ত,অমৃতালোক :
ভোলায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে পাঁচ শতাধিক শিশুর মাঝে পবিত্র আল-কুরআন বিতরণ ও কুরআনুল কারিমের সবক প্রদান করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ভোলার খলিফাপট্টি মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করা, দ্বীনি শিক্ষার প্রসার এবং ইসলামী আদর্শে আগামী প্রজন্মকে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুদ্দামুল কুরআন বাংলাদেশ শিক্ষা বোর্ডের প্রধান পরিচালক মুফতি বখতিয়ার হোসেন সরদার। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা বোর্ডের বরিশাল বিভাগীয় জিম্মাদার মাওলানা জামাল উদ্দিন ফারুকীসহ ভোলার বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুদ্দামুল কুরআন বাংলাদেশ ভোলা জেলা শাখার জিম্মাদার মুফতি আবুল বাশার। সঞ্চালনা করেন ভোলা সদরের আমিনুত তালিম মাওলানা শরিফ বিন রফিক।
বক্তারা বলেন, শিশুদের ঈমান-আকিদা, নৈতিকতা ও উত্তম চরিত্র গঠনে পবিত্র কুরআন শিক্ষা ও মক্তবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক শিক্ষার পাশাপাশি শিশুদের দ্বীনি শিক্ষা ও ইসলামী আদব-আখলাক শেখানোর দায়িত্ব পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে পালন করতে হবে।
তাঁরা আরও বলেন, শৈশব থেকেই শিশুদের কুরআন শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা গেলে তাদের মধ্যে সত্যবাদিতা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ বিকাশের পথ সুগম হবে। এ জন্য মসজিদভিত্তিক মক্তব ও দ্বীনি শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিশুর হাতে পবিত্র আল-কুরআন তুলে দেওয়া হয় এবং কুরআনুল কারিমের সবক প্রদান করা হয়। আয়োজকেরা জানান, আগামী প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করা এবং দ্বীনি শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।








