নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :
শান্তি আলোচনা কোনও চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর আবারও উত্তপ্ত হয়েছে দুই দেশের অবস্থান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। যদিও তিনি জোর দিয়ে বলেছেন যে, তেহরানকে তা অর্জন করতে দেয়া হবে না।
বিবিসি বলছে, পাকিস্তানে শান্তি আলোচনা ব্যর্থ হয়ে দুই পক্ষ ফিরে যাওয়ার পর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান এখনও পারমাণবিক অস্ত্র চায় এবং ইসলামাবাদে বৈঠকের সময়ও তারা সেই ইচ্ছার কথা স্পষ্ট করেছে।
ট্রাম্প বলেন, তারা এখনও এটি চায় এবং সেদিন রাতেই তারা তা পরিষ্কার করে দিয়েছে। ইরান পারমাণবিক অস্ত্র পাবে না। এর আগে ট্রাম্প বলেছিলেন, সরাসরি আলোচনায় ব্যর্থতার কারণ ছিল তেহরানের ‘পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা’ ত্যাগে অনিচ্ছা।
অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন, দুই পক্ষ চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ‘অতিরিক্ত দাবি, বারবার শর্ত বদল এবং অবরোধ’ আলোচনাকে বাধাগ্রস্ত করেছে।








