রিয়াজ হোসেন শান্ত, অমৃতালোক:
সংসদে গণতন্ত্রের কথা বলে শিক্ষাপ্রতিষ্ঠানে গণতন্ত্র হত্যা করা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ভোলা শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভোলা সরকারি কলেজ শাখার নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠান করতে না দেওয়ার অভিযোগ তুলে ছাত্রদল ও বিএনপির সমালোচনা করেন ফরহাদ। তিনি বলেন, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে না আনলে বিএনপি সরকারও শেখ হাসিনার পথে হাঁটছে বলে মনে করা হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধের আহ্বান জানান তিনি। আয়োজকদের দাবি, অনুষ্ঠানে ভোলা সরকারি কলেজের একাদশ শ্রেণি ও অনার্স প্রথম বর্ষের ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।








