মে ১৪, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ

রাজধানীর ধানমণ্ডি থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

রাজধানী ঢাকার ধানমণ্ডি এলাকা থেকে অপহৃত ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র‌্যাব)। এ ঘটনায় মূল অপহরণকারীসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো তাওহীদ মোহাম্মদ মোস্তাকিম (৩৩) ও মো. আবু সাঈদ (২৪)।গ্রেফতার তাওহীদ মোহাম্মদ মোস্তাকিম ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা এবং অপর আসামি আবু সাঈদ কক্সবাজারের উখিয়ার রাজাপালং এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব।

বুধবার (১৩ মে) র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ৬ মে রাজধানীর ধানমণ্ডির ১৩/এ রোড এলাকায় নিজ বাসার সামনে থেকে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে জোরপূর্বক একটি সাদা রঙের হাইয়েস মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে এ ঘটনায় ধানমণ্ডি মডেল থানায় অপহরণ মামলা দায়ের করে ভিকটিমের পরিবার। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এরপর থেকেই অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অপহরণকারীরা ভিকটিমকে নিয়ে কক্সবাজার সদর উপজেলার ঝিলাঞ্জা এলাকায় অবস্থান করছে।

এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় কক্সবাজার লিংক রোড এলাকায় বাংলাদেশ বেতার অফিসের সামনে বিশেষ অভিযান চালায় র‌্যাব-১৫।

অভিযানে রাত আনুমানিক ৮টার দিকে অপহৃত স্কুলছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সময় মূল আসামি তাওহীদ মোহাম্মদ মোস্তাকিম ও আবু সাঈদকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

র‌্যাবের দাবি, দীর্ঘদিন ধরে ভিকটিমকে উত্ত্যক্ত করে আসছিল মূল আসামি।
তার প্রস্তাবে রাজি না হওয়ায় সহযোগীদের সহায়তায় ওই স্কুলছাত্রীকে অপহরণ করে কক্সবাজারে নিয়ে যাওয়া হয়।
উদ্ধারকৃত শিক্ষার্থী ও গ্রেফতার আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ