নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:
নওগাঁ শহরের বাইপাস সড়ক এলাকায় সড়কের পাশে পার্কিং করে রাখা যাত্রীবাহী দুটি বাসে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বাইপাস সড়কের গাবতলী মোড়ে ‘আল বারাকা’ পরিবহনের তিনটি বাস পাশাপাশি পার্কিং করা ছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ পার্কিং করা তিনটি বাসের মধ্যে দুটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে আগুনে বাস দুটি ক্ষতিগ্রস্ত হয়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ভেতরে জ্বালানো মশার কয়েলের আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।








