নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রেললাইনে টায়ারে আগুন দেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে হাতেনাতে ধরেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তাদের সঙ্গে থাকা আরেকজন পালিয়ে যান।
পরে আটক দুজনকে পুলিশে সোপর্দ করা হয়।
সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট সংলগ্ন রেললাইনে এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১১টার দিকে বাকৃবির ইয়াসিন মার্কেট সংলগ্ন রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা করে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ। এসময় আনন্দমোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল এবং অর্থ সম্পাদক নির্জনকে হাতেনাতে ধরেন ছাত্রদলের নেতাকর্মীরা।
তাদেরকে ধরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের আহবায়ক মো আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক এ এম শোয়াইবসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী।
ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারের দোষররা এখন দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।
জাতীয়তাবাদী ছাত্রদল কখনো তা বরদাস্ত করবে না। আজকে যারা বাকৃবিতে আগুন দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সজাগ রয়েছে বলে জানান তারা।
ঘটনার বিষয়ে বাকৃবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, আজ বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট সংলগ্ন রেললাইনে টায়ার জ্বালানোর সময় দুজনকে আটক করা হয়েছে, আরেকজন পালিয়ে গেছে। তারা আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের নেতা বলে জানতে পেরেছি।








