নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক:
মাস্টারপ্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয় বলে উল্লেখ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। গতকাল ডিএসসিসির নগর ভবনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ (ইউডিজেএফবি)-এর কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। সভায় নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আবদুল্লাহ, সহসভাপতি ফয়সাল খান, সাধারণ সম্পাদক হাসান ইমন, উপদেষ্টা অমিতোষ পাল ও হেলিমুল আলমসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ডিএসসিসি প্রশাসক বলেন, পাকিস্তান আমলে শেরেবাংলা নগরকে দ্বিতীয় শহর হিসেবে মাস্টার প্ল্যান করে রাখা হয়েছিল। বর্তমানে বাস্তবায়নে কিছুটা ব্যত্যয় হয়েছে। কিন্তু এখন ওই এলাকাটা অনেকটাই পরিকল্পিত শহর। অনেক বড় বড় রাস্তা। দেখতে খুবই সুন্দর। মন্ত্রণালয়ের অনেক বিভাগ ওই এলাকায় স্থানান্তর করা হয়েছে।
তিনি বলেন, ধূপখোলায় তিনটি মাঠ ছিল, সেখানে একটি মাঠ রেখে বাকি জায়গায় মার্কেট করেছে সাবেক মেয়র ব্যারিস্টার তাপস। এটা একদম ঠিক করেনি। নগরীতে এমনিতেই মাঠের সংকট। আমরা ওয়ার্ডভিত্তিক মাঠ করার চেষ্টা করছি। অন্তত দুটি ওয়ার্ড মিলে যেন একটি খেলার মাঠ করা যায়, সেটা গুরুত্ব দিয়ে কাজ করছি।
আবদুস সালাম বলেন, রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কিছু উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে আন্তজেলা বাসগুলো সরিয়ে কাঁচপুর টার্মিনালে নেওয়ার কাজ চলছে। কাঁচপুর আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণের কাজ চলছে। এ ছাড়া কেরানীগঞ্জের বাঘৈরে আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণ করা হবে। এই আন্তজেলা বাস টার্মিনালগুলো হয়ে গেলে শহরের ভিতর জেলার বাস আসবে না। এতে যানজট অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে।
এদিকে গতকাল দুপুরে ধানমন্ডি লেক পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডিএসসিসি প্রশাসক বলেন, ধানমন্ডি লেক কোনো বাণিজ্যিক এলাকা নয়। ঢাকা শহরে মানুষের নিঃশ্বাস নেওয়ার জায়গার খুব অভাব। আমরা এই লেককে তার আদি প্রাকৃতিক রূপে সংরক্ষণ করতে চাই। পরিদর্শনকালে লেকের যত্রতত্র রেস্টুরেন্ট এবং বাণিজ্যিক স্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করে প্রশাসক বলেন, এখানে প্রকৃতিকে ধারণ করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। কিন্তু বর্তমানে দেখে মনে হচ্ছে পুরো এলাকা রেস্টুরেন্টের দখলে চলে গেছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা দ্রুতই একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনব।








