এপ্রিল ১৭, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ

মালয়েশিয়ায় অপহরণ, বগুড়ায় গ্রেপ্তার ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

মালয়েশিয়াতে এক বাংলাদেশিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে আন্তঃদেশীয় অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার গ্রেপ্তার রবিউল ইসলামকে (৩৫) সাত দিনের রিমান্ড চেয়ে শেরপুর আদালতে সোপর্দ করা হয়। গতকাল মঙ্গলবার বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে দুই জেলার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রবিউল গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের নিশুপাড়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।

ভুক্তভোগী আরিফুল ইসলাম গত ৮ এপ্রিল শেরপুর সিআর আমলী আদালতে ৩ জনকে আসামি করে একটি নালিশী মামলা করেন। আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ সদর থানার ওসিকে নিয়মিত মামলা গ্রহণের নির্দেশ দেন। আরিফুল সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর কান্দিপাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম মালয়েশিয়ায় রেস্তোরাঁ ব্যবসায় যুক্ত ছিলেন। গত ২২ ফেব্রুয়ারি জহুরবারু এলাকায় সকাল ১০টার দিকে তিন অচেনা ব্যক্তি তার রেস্তোরাঁয় আসেন। পরিচয়ের পর তারা জানান, তাদের খামার রয়েছে, কম দামে মাংস বিক্রি করেন। পরে আরিফুলকে তারা খামারে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে ওঠায়। পথে নির্জন স্থানে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় তার সঙ্গে ফোন, সাড়ে ১৩ হাজার রিংগিত (মালয়েশিয়ান মুদ্রা) ও এটিএম কার্ডে থাকা এক হাজার রিংগিত তুলে নেয়। সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ৯২ হাজার ৯০০ টাকা নেওয়া হয় তার কাছ থেকে। পরে অপহরণকারীরা তার কাছে আরও ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি দেশে তার মা-বাবা ও মামার কাছে ফোন দিয়ে ঘটনা জানালে তারা পাঁচ লাখ টাকা বাংলাদেশের একটি ব্যাংকে জমা দেন। এর আট ঘণ্টা পর অপহরণকারীরা তাকে মুক্তি দেয়। মালয়েশিয়ায় আইনি ব্যবস্থা না নিয়ে গত ৮ মার্চ তিনি দেশে ফেরেন। এরপর তিনি তার মামা মোফাজ্জল হোসেনকে নিয়ে যে ব্যাংক ও বিকাশ নম্বর থেকে টাকা নেওয়া হয়েছে তার খোঁজ নেওয়া শুরু করেন। পরে জানতে পারেন বগুড়ার গাবতলী ইসলামী ব্যাংক শাখায় রবিউল ইসলাম নামে এক ব্যক্তির হিসাবে ওই টাকা ঢুকেছে। তিনি আরও জানতে পারেন রবিউলের দুই ভাই মালয়েশিয়াতে থাকেন। অনুসন্ধান শেষে গত ৮ এপ্রিল তিনি আদালতের শরণাপন্ন হন।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক সিদ্দিকী বলেন, প্রাথমিক তদন্ত শেষে গত ১৩ এপ্রিল থানায় মামলা গ্রহণ করা হয়। পরে গাবতলী থানার সহযোগিতায় অভিযান চালিয়ে মঙ্গলবার রবিউলকে আটক করা হয়।

তিনি আরও বলেন, ঘটনা ঘটেছে মালয়েশিয়ায়। মুক্তিপণের টাকা বগুড়ার ব্যাংকে জমা হয়েছে, আসামি স্বীকারও করেছে। অধিকতর তদন্তের জন্য তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ