এপ্রিল ১৭, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ

আনুগত্য, ত্যাগ ও যোগ্যতায় প্রার্থী বাছাই হবে : রিজভী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

দলের প্রতি আনুগত্য, ত্যাগ ও যোগ্যতার ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাই করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, গত প্রায় দেড় দশকের আন্দোলন-সংগ্রাম, গ্রেপ্তার ও নির্যাতনের অভিজ্ঞতাও মূল্যায়নে গুরুত্ব পাবে।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রির সময় তিনি এসব কথা বলেন।

রিজভী জানান, দলের আদর্শে বিশ্বাসী যে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। তবে মনোনয়ন না পেয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়। বিএনপি সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রার্থী নির্বাচন করে এবং এবারও সেই ধারা বজায় থাকবে।

দলীয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত প্রায় ১৫০টি মনোনয়নপত্র জমা পড়েছে। প্রথম দিনেই বিক্রি হয়েছে পাঁচ শতাধিক ফরম। মনোনয়ন ফরম বিক্রি চলবে ১২ এপ্রিল পর্যন্ত, আর জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তপশিল ঘোষণা করেন।

ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ