নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :
‘কৃষি, সেচ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে’ বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার (১১ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় ইছেরদাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
এ সময় শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘খাল খনন কর্মসূচি শুধু একটি উন্নয়ন কার্যক্রম নয়, এটি একটি সময়ের পরীক্ষিত সামাজিক আন্দোলন। এর মাধ্যমে যেমন কৃষি ও অর্থনীতি শক্তিশালী হয়, তেমনি গ্রামীণ জীবনে ফিরে আসে প্রাণচাঞ্চল্য।
’
তিনি বলেন, ‘দীর্ঘদিন খাল খনন কার্যক্রম বন্ধ থাকায় অনেক খাল ভরাট হয়ে নাব্যতা হারিয়েছে, কোথাও কোথাও দখলও হয়ে গেছে। ফলে কৃষি ও পানিপ্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমান উদ্যোগের মাধ্যমে এসব খাল পুনরুদ্ধার করে সেচব্যবস্থা সচল করা হবে।’
মন্ত্রী আরো বলেন, ‘প্রায় ৭ কিলোমিটার খাল পুনঃখননের জন্য ইতোমধ্যে টেন্ডার দেওয়া হয়েছে।
এই প্রকল্পে বরাদ্দকৃত অর্থের একটি অংশ শ্রমনির্ভর কাজে ব্যবহার করা হলে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং গ্রামীণ অর্থনীতি চাঙা হবে। আমরা শুধু শহরকেন্দ্রিক উন্নয়নে বিশ্বাস করি না, আমাদের লক্ষ্য গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন এবং দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া।’
তিনি জানান, অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খাল খনন কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছিল। পরবর্তীতে বেগম খালেদা জিয়া এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেন।
বর্তমানেও এ কর্মসূচি পুনরুজ্জীবনের দাবি জনমনে জোরালো হয়েছে এবং কেন্দ্রীয় নেতৃত্বে থাকা তারেক রহমান এ বিষয়ে গুরুত্বারোপ করেছেন।
মন্ত্রী বলেন, ‘কোনো প্রকল্প শুধু উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। দুর্নীতি বা অপচয়ের কোনো সুযোগ রাখা যাবে না।’ এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সজাগ থাকার আহ্বান জানান।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পশ্চিমাঞ্চল (ফরিদপুর) অঞ্চলের প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ, গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের পরিচালক জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ ও উপবিভাগীয় প্রকৌশলী নাজিম উদ্দিনসহ প্রমুখ।








