এপ্রিল ১৭, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ

বাঁ-হাতি পেসার হিসেবে ‘সর্বোচ্চ’ উইকেটের রেকর্ড মুস্তাফিজের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক:

মোহাম্মদ আমিরকে টপকে এক অনন্য উচ্চতায় পৌঁছালেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বাঁ-হাতি পেসার হিসেবে এখন বিশ্বসেরা উইকেট শিকারি বোলার তিনি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে লাহোর কালান্দার্সের জার্সিতে এই অবিস্মরণীয় মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশি এই তারকা।

মুলতান সুলতানসের বিপক্ষে লাহোর কালান্দার্সের ২০ রানের জয়ের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুস্তাফিজ। সেই ম্যাচে ৩ ওভার বল করে ৩৭ রানের বিনিময়ে ২ টি মূল্যবান উইকেট শিকার করেন তিনি। আর এই দুই উইকেটের সৌজন্যেই টি-টোয়েন্টি ক্রিকেটে বাঁ-হাতি পেসারদের তালিকায় মোহাম্মদ আমিরকে পেছনে ফেলে সবার ওপরে উঠে আসেন মুস্তাফিজ। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন পাকিস্তানি তারকা আমির।

পরিসংখ্যানের বিচারে আমিরের চেয়ে অনেক কম ম্যাচ খেলেই এই বিশ্বরেকর্ড নিজের করে নিয়েছেন মুস্তাফিজ। ৩৫৬ ম্যাচ খেলে আমিরের উইকেট সংখ্যা যেখানে ৪১৫টি, সেখানে মুস্তাফিজ মাত্র ৩২৫ ম্যাচ খেলেই ঝুলিতে পুরেছেন ৪১৬টি উইকেট। তবে এই রেকর্ডটি হয়তো দীর্ঘসময় মুস্তাফিজের দখলে নাও থাকতে পারে। কারণ আমিরও বর্তমানে পিএসএলে নিয়মিত খেলছেন। শনিবার রাতেই রাওয়ালপিন্ডিজের হয়ে মাঠে নামবেন তিনি, যেখানে তার সতীর্থ হিসেবে রয়েছেন বাংলাদেশের উদীয়মান লেগ-স্পিনার রিশাদ হোসেন। সেই ম্যাচে ২ উইকেট নিতে পারলেই আবারও মুস্তাফিজকে ছাড়িয়ে সিংহাসন পুনরুদ্ধার করবেন আমির।

স্বীকৃত টি-টোয়েন্টিতে সব ধরণের বোলারদের (স্পিনার ও পেসার মিলিয়ে) সামগ্রিক তালিকায় মুস্তাফিজ এখন বিশ্বে ৭ম স্থানে অবস্থান করছেন। ৭০৩ উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন আফগান তারকা রশিদ খান। এর পরের অবস্থানগুলোতে যথাক্রমে রয়েছেন ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনীল নারিন (৬১৪), ইমরান তাহির (৫৭২), আন্দ্রে রাসেল (৫০৮) ও সাকিব আল হাসান (৫০৭)। কেবল পেসারদের হিসেবে মুস্তাফিজের উপরে আছেন কেবল ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো।

উল্লেখ্য যে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক এখন মুস্তাফিজুর রহমান। গত বছরের সেপ্টেম্বরে তিনি ১৫৮ উইকেট নিয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের সেরা শিকারি হওয়ার গৌরব অর্জন করেন। ক্যারিয়ারের বর্তমান ফর্ম বিবেচনায় নিলে স্বীকৃত টি-টোয়েন্টিতেও সতীর্থ সাকিবকে (৫০৭ উইকেট) ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই ‘কাটার মাস্টারের’ সামনে। আপাতত পিএসএলের আসরে আমির ও মুস্তাফিজের মধ্যে রেকর্ডের এই লড়াই বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের মাঝে বাড়তি রোমাঞ্চের যোগান দিচ্ছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ