নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক:
জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসন ও পাচার রোধে দেশে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। করা হচ্ছে জব্দ ও জেল-জরিমানা। তবু বন্ধ হচ্ছে না কারসাজি। গতকালও বিভিন্ন স্থানে অবৈধভাবে মজুত ও বেশি দামে বিক্রির খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম : কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় একটি ট্যাংকার জাহাজ থেকে অবৈধভাবে মজুতের অভিযোগে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। গতকাল বিকালে যৌথ অভিযানে এসব ডিজেল জব্দ করা হয়। বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। সিরাজগঞ্জ : কাজিপুর উপজেলার রৌহাদহ সড়কের পাশে দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৭২৮ লিটার তেল জব্দ করেছেন। এ সময় দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রাত ৩টার দিকে ইউএনও মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এদিকে বেলকুচি উপজেলায় দুটি অবৈধ তেলের দোকানে গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ হাজার ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান অভিযান পরিচালনা করেন। ব্রাহ্মণবাড়িয়া : নাসিরনগরে বুধবার সন্ধ্যায় প্রশাসনের অভিযানে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। পূর্বভাগ বাজারের সেলিম এন্টারপ্রাইজ থেকে এ তেল জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে থাকা ফয়সালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কক্সবাজার : উখিয়ার পালংখালী পেট্রোল পাম্পে তথ্য গোপন করে অতিরিক্ত জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ইউসুফ অ্যান্ড ব্রাদার্স নামক প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও রিফাত আসমা জানান, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। দিনাজপুর : সীমান্ত এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার প্রতিরোধে বিজিবির টহল, তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান এ তথ্য জানান। নোয়াখালী : হাতিয়ায় পৃথক অভিযানে ১৩৩০ লিটার চোরাই ডিজেল জব্দ ও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, রাসেল ও জাফর। গতকাল বিষয়টি নিশ্চিত করেন ওসি কবির হোসেন। কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় ৩১ ব্যারেল পেট্রোল ও ডিজেল জব্দ করেছে পুলিশ। কেরানীগঞ্জ : ঢাকার কেরানীগঞ্জে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি ও মজুত করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।








