নভেম্বর ২২, ২০২৬ ১০:০৫ অপরাহ্ণ

এক ক্লিকেই ভূমি নিবন্ধন, ঘরে বসেই করা যাবে দলিলের কাজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:
জমি কেনাবেচা ও দলিল নিবন্ধনে দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ডিজিটাল ব্যবস্থায় যাচ্ছে সরকার। কাগজনির্ভর প্রচলিত পদ্ধতির পরিবর্তে চালু হচ্ছে অনলাইনভিত্তিক স্বয়ংক্রিয় ভূমি নিবন্ধন ব্যবস্থা। নতুন এ ব্যবস্থায় ঘরে বসেই ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং নিবন্ধনের বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন নাগরিকরা। এতে নিবন্ধন কার্যালয়ে বারবার যাতায়াত, দীর্ঘসূত্রতা ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ লক্ষ্যে বাস্তবায়ন করা হচ্ছে ‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’। এর আওতায় সারা দেশের দলিল নিবন্ধন কার্যক্রম ডিজিটাল ব্যবস্থার অধীনে আনার পরিকল্পনা রয়েছে। সেবার মান বৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিত করা এবং নিবন্ধন প্রক্রিয়া সহজ ও দ্রুত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এর আগে জানিয়েছেন, ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ অথবা ২০২৮ সালের প্রথমার্ধের মধ্যে অনলাইন দলিল নিবন্ধন ব্যবস্থা চালুর লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে নিবন্ধনসংক্রান্ত তথ্য ও সেবা পেতে নাগরিকদের প্রচলিত ব্যবস্থার ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি দলিল যাচাই ও নিবন্ধন প্রক্রিয়ায় অনিয়ম, জালিয়াতি এবং হয়রানির সুযোগও কমে আসবে বলে আশা করা হচ্ছে।

কমতে পারে ভূমি নিয়ে মামলা

ডিজিটাল ভূমি নিবন্ধন ব্যবস্থার সুফল বিচার বিভাগেও পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলার বড় একটি অংশ ভূমিসংক্রান্ত বিরোধ নিয়ে। জমির মালিকানা, দলিলের বৈধতা ও সম্পত্তি হস্তান্তর নিয়ে বিরোধের কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়ছেন বিচারপ্রার্থীরা। এসব মামলা নিষ্পত্তি করতে আদালতের ওপরও বাড়তি চাপ তৈরি হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, ডিজিটাল পদ্ধতিতে দলিল যাচাই ও নিবন্ধন করা হলে সম্পত্তির মালিকানাসংক্রান্ত নথির নির্ভুলতা বাড়বে। জালিয়াতির মাধ্যমে জমি হস্তান্তরের সুযোগও কমবে। ফলে ভূমির মালিকানা নিয়ে বিরোধ এবং দীর্ঘ মেয়াদে আদালতে মামলার সংখ্যা কমতে পারে।

অন্যদিকে, জাতীয় অর্থনীতিতেও নিবন্ধন অধিদপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিষ্ঠানটি বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা রাজস্ব আয় করে। সম্পত্তির মালিকানা সুরক্ষা, আইনগত নথি সংরক্ষণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার ক্ষেত্রে অধিদপ্তরের কার্যক্রম গুরুত্বপূর্ণ। তাই এ খাতের আধুনিকায়ন রাজস্ব ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ।

তবে নতুন ব্যবস্থা চালুর ক্ষেত্রে মাঠপর্যায়ে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। জনবল সংকট, প্রযুক্তিগত সরঞ্জামের অভাব, নথি সংরক্ষণের অপর্যাপ্ত ব্যবস্থা এবং অবকাঠামোগত দুর্বলতা অটোমেশন কার্যক্রম বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াতে পারে।

সম্প্রতি রাজধানীতে এক কর্মসূচির ফাঁকে এসব সীমাবদ্ধতার কথা তুলে ধরেন নিবন্ধন মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজ। তিনি জানান, দেশের বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিসে প্রয়োজনের তুলনায় জনবল অনেক কম। গুরুত্বপূর্ণ দলিল ও নথি সংরক্ষণের জন্যও পর্যাপ্ত ব্যবস্থা নেই। অথচ এসব কার্যালয়ে নাগরিকদের মূল্যবান সম্পত্তির মালিকানাসংক্রান্ত দলিল সংরক্ষণ করা হয়।

তিনি বলেন, অটোমেশন কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশব্যাপী স্বয়ংক্রিয় চালান বা এ-চালান ব্যবস্থা চালুর প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। তবে অনেক উপ-রেজিস্ট্রি অফিসে কম্পিউটার অপারেটর ও নৈশপ্রহরীসহ নিরাপত্তাকর্মীর অনুমোদিত পদও নেই। ফলে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের পাশাপাশি প্রয়োজনীয় জনবল ও নথির নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

নতুন পদ্ধতি কার্যকর করতে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ এবং নির্ভরযোগ্য সার্ভার অবকাঠামো নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন নিবন্ধন মহাপরিদর্শক। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নতুন নিবন্ধন পদ্ধতি সম্পর্কে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি। কারণ, নিয়মকানুন ও সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকলে প্রতারণা ও বিভ্রান্তির সুযোগ তৈরি হতে পারে।

নতুন সাব-রেজিস্ট্রি অফিস হচ্ছে ৪৫টি

এদিকে নিবন্ধন সেবার পরিধি বাড়াতে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৪৫টি নতুন সাব-রেজিস্ট্রি কার্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে নিবন্ধন কার্যক্রমের প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নাগরিকদের জন্য সেবা আরও সহজলভ্য করার পরিকল্পনা রয়েছে।

নিবন্ধন মহাপরিদর্শক শামীমা আফরোজ আশা প্রকাশ করেন, মন্ত্রণালয়ের সহযোগিতা ও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা পাওয়া গেলে বিদ্যমান সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব হবে। তার মতে, নিবন্ধন অধিদপ্তরের ভবিষ্যৎ অঙ্গীকার তিনটি বিষয়ের ওপর প্রতিষ্ঠিত। এগুলো হলো স্বচ্ছতা নিশ্চিত করা, দ্রুত সেবা দেওয়া এবং জনসাধারণের হয়রানি সম্পূর্ণভাবে দূর করা।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ