নভেম্বর ২২, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ

আজ শুরু হচ্ছে জাতীয় এসএমই পণ্যমেলা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, পণ্য প্রদর্শন ও বাজারজাতকরণের লক্ষ্যে আজ রোববার শুরু হতে যাচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করার কথা রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনা ফি-তে মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

গতকাল শনিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইর প্রশাসক মো. ফজলুল হক। স্বাগত বক্তব্য রাখবেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ও শিল্পসচিব আব্দুন নাসের খান। সভাপতিত্ব করবেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির জানান, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়ন, শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে নিরলস কাজ করে যাচ্ছে। মেলার উদ্বোধনী দিনে বর্ষসেরা বিভিন্ন শ্রেণিতে আটজন সফল উদ্যোক্তাকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’ দেওয়া হবে। এবারের মেলায় সারাদেশের প্রায় সাড়ে ৩০০ ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করবে, যার মধ্যে প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তা। মেলায় হস্তশিল্প, পাটজাত, চামড়াজাত, পোশাক, প্রসাধনী ও কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্যসহ নানা দেশীয় সামগ্রী প্রদর্শিত হবে।

এছাড়া অগ্রাধিকারভিত্তিক ‘এক গ্রাম এক পণ্য’ কর্মসূচি এবং বিভিন্ন ক্লাস্টারের পণ্য মেলায় স্থান পাবে। আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে সিটি ব্যাংক। সহযোগী পৃষ্ঠপোষক ব্র্যাক ব্যাংক। এছাড়া গোল্ড স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে থাকবে সোনালী ব্যাংক, ব্যাংক এশিয়া, আইডিএলসি ফাইন্যান্স, ওয়ান ব্যাংক ও লংকা বাংলা ফাইন্যান্স। সিলভার স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে থাকছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ঢাকা ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স ও আইপিডিসি ফাইন্যান্স

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ