নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :
আগামী ২০ এপ্রিল (সোমবার) একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে তিনি বগুড়া সিটি করপোরেশনসহ জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন সই করা এক সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, ওইদিন সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বগুড়া জেলা পুলিশ লাইন্স হেলিপ্যাডে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
এরপর সকাল পৌনে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন তিনি। এরপর সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।
তারপর পর্যায়ক্রমে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম এবং বাঘবাড়ী নশিপুরস্থ চৌকিরদহ খালে খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তার।
দুপুরের পর প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটায় সময় কাটাবেন।
বিকেলে বগুড়া সার্কিট হাউসে নামাজ ও বিরতি শেষে বিকেল ৪টায় তিনি ঢাকার উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের এই জনপদে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এটি একটি পূর্ণাঙ্গ সরকারি সফর এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সফরসঙ্গী হিসেবে থাকবেন।








