এইচ. এম. হাবিবুল্লাহ্,অমৃতালোক :
ভোলা জেলা পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে আধুনিকায়ন করা হয়েছে জেলা পুলিশ লাইন্স হাসপাতাল । রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় আধুনিকায়িত এই হাসপাতালের উদ্বোধন করেন ভোলার পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার। পুলিশ লাইন্স হাসপাতালের সেবা আরও উন্নত ও রোগীবান্ধব করতে বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। অসুস্থ পুলিশ সদস্যদের তাৎক্ষণিক ও মানসম্মত চিকিৎসার জন্য বিশেষ রুম এবং আধুনিক মেডিকেল বেডসহ আনুষঙ্গিক সব ধরনের উপাদানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সংক্রামক ব্যাধি বা যেকোনো বিশেষ শঙ্কাজনক পরিস্থিতিতে রোগীদের আলাদা রাখার জন্য আধুনিক কোয়ারেন্টাইন রুমের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্র সঠিক উপায়ে ও পর্যাপ্ত পরিমাণে সংরক্ষণের জন্য হাসপাতালের মেডিসিন স্টোরটিকেও সম্পূর্ণ আধুনিক রূপ দেওয়া হয়েছে। উদ্বোধন শেষে পুলিশ সুপার জনাব শহীদুল্লাহ কাউসার বলেন, ভোলা জেলা পুলিশ লাইন্স হাসপাতালের যে ইউনিটটি আগে ছিল, সেটিকে আমরা সম্পূর্ণ আধুনিকায়ন করেছি। আমাদের বাহিনীর সদস্যরা যেন অসুস্থ হলে এখানেই যথাযথ ও উন্নত চিকিৎসা সেবা পান, সেজন্যই এই রুম ও বেডগুলোর ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে যারা সংক্রামক ব্যাধির শঙ্কায় থাকেন, তাদের জন্য কোয়ারেন্টাইন রুমের ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি আমাদের যে মেডিসিনের স্টোর, সেটাকেও আমরা আধুনিকায়ন করেছি। এটা করার মূল উদ্দেশ্য হলো পুলিশের যাতে স্বাস্থ্যসেবা যথাযথ নিশ্চিত হয়। উদ্বোধনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হাসপাতালের চিকিৎসাকর্মীরা উপস্থিত ছিলেন।








