নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :
মাইগ্রেশন ও পাসপোর্ট বিটে কর্মরত সাংবাদিকদের নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘মাইগ্রেশন অ্যান্ড পাসপোর্ট রিপোর্টার্স ইউনিটি (এমপিআরইউ)’। ইতোমধ্যে সংগঠনটির ২ বছর মেয়াদি (২০২৭-২৮) কমিটিও ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সুলতান মাহমুদ আরিফ, সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার গোলাম মুর্শেদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ানবাজারের একটি রেস্টুরেন্টে সংগঠনটির সদস্যদের সর্বসম্মতিতে ২০২৭-২৮ মেয়াদের কমিটি গঠন ও আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়।
সংগঠনটির নবগঠিত কমিটির অন্যরা হলেন দৈনিক সময়ের আলোর আদিল সরকার (যুগ্ম সাধারণ সম্পাদক), দৈনিক জনকণ্ঠের মির্জা মশিউর রহমান (অর্থ সম্পাদক), এখন টিভির তৌহিদুল ইসলাম তারেক (সাংগঠনিক সম্পাদক) ও দেশ টিভির শাহাদাত হোসাইন নিশাদ (অফিস সম্পাদক)।
এ ছাড়াও প্রকাশনা সম্পাদক হয়েছেন সময় টেলিভিশনের স্বপন আহমেদ, আইটি সম্পাদক দৈনিক প্রতিদিনের বাংলার আজিজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক এনপিবির মো. আব্দুল্লাহ আমান, সাংস্কৃতিক সম্পাদক নিউজ টোয়েন্টিফোর টিভির মাসুদ সুমন, আন্তর্জাতিক সম্পাদক একাত্তর টেলিভিশনের মো. মিসবা হাছান এবং সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ডিবিসি নিউজের রাকিব হোসেন।
পাশাপাশি কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক কালের কণ্ঠের আবদুল্লাহ আল মিরাজ ও বেঙ্গল লেন্সের আবু বকর।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনের নেতারা জানান, মাইগ্রেশন ও পাসপোর্ট খাতে নাগরিকদের হয়রানি, দালালের দৌরাত্ম্য, অতিরিক্ত অর্থ আদায়, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তথ্য-প্রমাণ অনুসন্ধান করে তা জনসম্মুখে তুলে ধরাই হবে এমপিআরইউ’র অন্যতম লক্ষ্য। পাশাপাশি এই বিটে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, তথ্য-উপাত্তনির্ভর রিপোর্টিং এবং অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করা হবে।
সংগঠনটির নবনির্বাচিত সভাপতি সুলতান মাহমুদ আরিফ বলেন, পাসপোর্ট একজন নাগরিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পরিচয়পত্র।
অথচ এই সেবা নিতে গিয়ে মানুষকে যদি হয়রানি বা অনিয়মের শিকার হতে হয়, তাহলে তার প্রকৃত কারণ অনুসন্ধান করা সাংবাদিকদের দায়িত্ব। গত ১৭ বছরে পাসপোর্ট খাতে বিভিন্ন সময়ে যেসব অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ সামনে এসেছে, সেগুলোর তথ্য-প্রমাণ খুঁজে বের করে ধারাবাহিকভাবে জনগণের সামনে তুলে ধরাই হবে আমাদের কাজ।
এ সময় বাংলাদেশ থেকে প্রবাসগামীদের সব ক্ষেত্রে সুশাসন নিশ্চিতে সঠিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্যদিয়ে এই সংগঠনের সদস্যরা ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।








