সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১২:০১ অপরাহ্ণ

হামজা ও রাফিনিয়ার গোলে জোয়ান গ্যাম্পার ট্রফি ধরে রাখল বার্সেলোনা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক:

জয় দিয়ে প্রাক্-মৌসুম প্রস্তুতি সারল বার্সেলোনা। মিসরের ক্লাব আল আহলিকে হারিয়ে জোয়ান গাম্প্যার ট্রফি ধরে রাখল বার্সা।

ক্যাম্প ন্যুতে কাল রাতে প্রস্তুতিমূলক ম্যাচটি ২-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল।
গত বছরেও জোয়ান গাম্প্যার ট্রফি জিতেছিল বার্সা। সেবার ইতালিয়ান ক্লাব কোমোকে তারা উড়িয়ে দিয়েছিল ৫-০ গোলে।

কাল ২৯ মিনিটে হামজা আব্দেলকরিমের গোলে এগিয়ে যায় বার্সেলোনা।

মাত্র কদিন আগে আল আহলি ছেড়ে বার্সায় যোগ দেন হামজা। এবার তিনি গোল করলেন সদ্য সাবেক ক্লাবের বিপক্ষে।
তবে আল আহলির জালে বল পাঠিয়ে উল্লাস করতে দেখা যায়নি ১৮ বছর বয়সী হামজাকে। বরং হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন তিনি।

প্রথমার্ধের শেষ দিকে ডি-বক্সে ফাউলের শিকার হন রাফিনিয়া; পেনাল্টি পায় বার্সেলোনা। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন বার্সার নতুন অধিনায়ক।

বিরতির আগে প্রায় পুরোটা সময় বার্সার আক্রমণ সামলাতে ব্যস্ত আল আহলি দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ গোলে ব্যবধান কমায়। পাল্টা আক্রমণে ডি-বক্সে ঢুকে জোরাল শটে গোলটি করেন মিসরের উইঙ্গার জিজো।

এই অর্ধে একে একে পুরো একাদশ বদলে ফেলেন বার্সেলোনা কোচ ফ্লিক।

তাতে তাদের খেলায় কিছুটা ধার কমে। তবু শেষ দিকে আরেকটি গোল পেতে পারতো তারা।
ডি-বক্সে অ্যান্থনি গর্ডন ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা। কিন্তু দুর্বল স্পট কিকে গোলকিপারকে পরাস্ত করতে পারেননি এবারের গ্রীষ্মে নিউক্যাসল ইউনাইটেড ছেড়ে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেওয়া এই ইংলিশ উইঙ্গার।

আগামী রবিবার রাতে এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বার্সেলোনা।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ