নভেম্বর ২১, ২০২৬ ২:৫৮ পূর্বাহ্ণ

সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না: নাজমুল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক:

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের একাদশ নির্বাচন, পেসারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো, মুশফিকুর রহিমের ফর্ম এবং পেস বোলিং অলরাউন্ডারের সংকট নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন। ম্যাচ হারের পেছনে নো বল ও ক্যাচ মিসের মতো ভুলগুলোকেও দায়ী করেছেন তিনি।

শরীফুল ইসলামের একাদশে না থাকা প্রসঙ্গে
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে ৭ উইকেট নেওয়ার পর সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও খেলেছিলেন শরীফুল ইসলাম। তবে জোহানেসবার্গ টেস্টের একাদশে তাকে রাখা হয়নি। এ বিষয়ে নাজমুল বলেন, শরীফুল, তাসকিন ও হাসান—তিনজনই নতুন বলে কার্যকর বোলিং করেন। হাসান ও তাসকিন পুরোনো বলেও ভালো করতে পারেন। তবে বোলিং বিভাগে পাঁচ-ছয়জন বোলার থাকায় তাদের পর্যায়ক্রমে খেলাতে হয়। ফলে ইচ্ছা থাকলেও একাদশ নির্বাচন নিয়ে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়।

একাদশে ইবাদত কেন
প্রথম ইনিংসে ১৫ ওভার বোলিং করে একটি উইকেট নেওয়া ইবাদত হোসেনকে একাদশে রাখার ব্যাখ্যায় বাংলাদেশ অধিনায়ক বলেন, কন্ডিশন যে রকম ছিল, তাতে পুরোনো বলে এমন একজন বোলার দরকার ছিল যে একটু বাড়তি থ্রেট হবে। ইবাদত সব সময় এটা করে থাকে। দুর্ভাগ্যবশত এই ম্যাচে ও রকম হয়নি। তবে আমার মনে হয় কম্বিনেশনটা আমরা ভালোই বেছে নিয়েছিলাম।

মুশফিকের ফর্ম নিয়ে সংশয় নেই
মুশফিকুর রহিমের সাম্প্রতিক ব্যাটিং পারফরম্যান্স নিয়েও প্রশ্নের মুখে পড়েন অধিনায়ক। সর্বশেষ ১২ ইনিংসে মাত্র একটি অর্ধশতক পেয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। তবে তার সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন নাজমুল।

তিনি বলেন, আমার মনে হয়, এই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে উনি অনেক ভালো ক্রিকেট খেলছেন। শুধু ব্যাটিংই নয়, এর পাশাপাশি আরও অনেক কিছু থাকে—ড্রেসিংরুম বলেন কিংবা মাঠের ভেতরে, ওনার অভিজ্ঞতা আমাদের অনেক কাজে লাগে। তাই মুশফিক ভাইকে নিয়ে আমার মধ্যে একদমই সংশয় নেই। আমি জানি, পরের ম্যাচে উনি আরও ভালোভাবে ফিরে আসবেন। বাংলাদেশ ক্রিকেটে মুশফিকের দেওয়ার মতো আরও অনেক কিছু রয়েছে বলে বিশ্বাস করেন অধিনায়ক।

হারের পেছনে নো বল ও ক্যাচ মিস
জোহানেসবার্গ টেস্টে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিজেদের একাধিক ভুলের কথা তুলে ধরেন নাজমুল। তার মতে, প্রথম ইনিংসে ৪০০ রান করার পরও ম্যাচ হারার পেছনে অতিরিক্ত নো বল ও ক্যাচ মিসের ভূমিকা ছিল।

নাজমুল বলেন, ইনিংসের শুরুতেই নো বলের কারণে উইকেট পাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে। একই সময়ে রিকেলটনের ক্যাচও ছাড়েন বাংলাদেশের ফিল্ডাররা। ওই সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের পরিস্থিতি ভিন্ন হতে পারত। শীর্ষস্থানীয় দলের বিপক্ষে এ ধরনের ভুল করে জয়ের আশা করা কঠিন। এমন প্রতিপক্ষের বিরুদ্ধে জিততে হলে ভুলের সংখ্যা যতটা সম্ভব কমিয়ে আনতে হবে বলে মনে করেন তিনি।

পেস বোলিং অলরাউন্ডারের সংকট
টেস্ট দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব দীর্ঘদিন ধরেই অনুভব করছে বাংলাদেশ—এমন মন্তব্য করেছেন নাজমুল। তিনি বলেন, তিনি বলেন, ‘এই জায়গায় আমরা সব সময়ই অভাব বোধ করি এবং ভুগছি। কয়েক বছর ধরে যারা নির্বাচক প্যানেলে ছিলেন বা এখন আছেন, পাশাপাশি আমাদের দেশে যারা কোচ হিসেবে কাজ করছেন, তাদের সবাইকেই আমাদের একটাই অনুরোধ—আমাদের অন্তত একজন অলরাউন্ডার দিন। কিন্তু আমরা পাচ্ছি না।

দেশের নির্বাচক ও কোচদের এ বিষয়ে আরও উদ্যোগী হওয়ার প্রত্যাশা জানিয়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ