সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১:২১ অপরাহ্ণ

মেঘনায় জেলের জালে ধরা পড়লো ২.৭ কেজির ‘রাজা ইলিশ’বিক্রি হয়েছে ১০ হাজার ৮০০ টাকায়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

মীর তানু,অমৃতালোক:
মেঘনার ঢেউ, জেলেদের জাল আর সেই জালে ধরা পড়া রুপালি স্বপ্ন ইলিশ। ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে এবার জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির ইলিশ। ঘাটে আনার পর মাছটি স্থানীয়দের মাঝে সৃষ্টি করে ব্যাপক কৌতূহল ও আনন্দ।
বড় আকৃতির এই ইলিশটি দেখতে তজুমদ্দিন চৌমুহনী ঘাটে ভিড় করেন জেলে, মাছ ব্যবসায়ীসহ স্থানীয় উৎসুক মানুষ। কারও হাতে মোবাইল ফোন,কেউ আবার কাছে গিয়ে দেখছেন মেঘনার সেই ‘রাজা ইলিশ’।
জানা গেছে, মেঘনা নদীতে মাছ ধরার সময় জেলের জালে ধরা পড়ে ইলিশটি। পরে মাছটি তজুমদ্দিন চৌমুহনী ঘাটে নিয়ে আসা হলে এর ওজন করা হয় ২ কেজি ৭০০ গ্রাম। বড় আকৃতির ইলিশ হওয়ায় মাছটি নিয়ে ঘাটে বেশ আলোচনা দামাদামি শুরু হয়।

শেষ পর্যন্ত তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতা মো: রাসেল মাছটি ১০ হাজার ৮০০ টাকা দিয়ে ক্রয় করেন। মাছটি ক্রয়ের পর রাসেল বলেন, মেঘনার এমন বড় ইলিশ পাওয়া আনন্দের বিষয়। বড় ইলিশের স্বাদ ও ঐতিহ্যের কারণে তিনি আগ্রহ নিয়ে মাছটি কিনেছেন।
মেঘনার বুকে ইলিশ শুধু একটি মাছ নয়, এটি এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, ঐতিহ্য ও ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকা এক নাম। বছরের পর বছর জেলেরা উত্তাল নদীতে জীবনের ঝুঁকি নিয়ে জাল ফেলেন, আর কখনো সেই জালেই উঠে আসে এমন ‘রাজা ইলিশ’ যা মুহূর্তেই ঘাটের মানুষের আনন্দের কারণ হয়ে ওঠে।

তজুমদ্দিনের মেঘনায় ২.৭ কেজি ওজনের এই ইলিশ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে বড় ইলিশ পাওয়ার প্রত্যাশাও তৈরি হয়েছে। জেলেদের আশা, নদীতে যদি এমন বড় ইলিশের দেখা আরও মেলে, তাহলে তাদের মুখে ফিরবে স্বস্তির হাসি।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ