এপ্রিল ১৭, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের অর্থনৈতিক শীর্ষ সম্মেলন শুরু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠান ও প্রকাশনার মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সপ্তম বাংলাদেশ ইকোনমিকস সামিট। ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিকস স্টাডি সেন্টার তিন দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান ছিলেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক তৈয়েবুর রহমান, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফেরদৌসী নাহার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিকস স্টাডি সেন্টারের মডারেটর অধ্যাপক সেলিম রায়হান।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা ইকোনমিকস স্টাডি সেন্টারের দুটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও আফনান ওসমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম আয়োজক শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, ইকোনমিকস স্টাডি সেন্টারের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছে, যা প্রশংসনীয়। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তিনি আশা করেন।

অধ্যাপক সায়মা হক বিদিশা দেশে শিক্ষিত বেকারত্বের বিষয়টি তুলে ধরে বলেন, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে তুলতে হবে। এ ধরনের আয়োজন তরুণদের জ্ঞানচর্চাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তৈয়েবুর রহমান বলেন, শিক্ষক-শিক্ষার্থী, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি এবং থিওরি-রিসার্চ–এই তিন ক্ষেত্রকে একত্রিত করার জন্য এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইকোনমিকস স্টাডি সেন্টারের মডারেটর অধ্যাপক সেলিম রায়হান বলেন, ইএসসির একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এবং দেশের কিছু মেধাবী অর্থনীতিবিদের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থনীতির জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগের লক্ষ্য নিয়েই সংগঠনটি কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইএসসি নিয়মিত আলোচনা ও কার্যক্রম আয়োজন করে, যা তরুণদের অর্থনীতির জগতে গভীরভাবে আগ্রহী করে তোলে।

এই সম্মেলনে এলডিসি উত্তরণ, শ্রম, শিক্ষা ও উদ্যোক্তা, জ্বালানি ও পরিবেশবান্ধব কর্মসংস্থান নিয়ে তিনটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। সিপিডির সিনিয়র ফেলো, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষকসহ দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেবেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ