মোঃ আরিয়ান আরিফ, অমৃতালোক :
যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ভোলায় ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন) প্রকল্পের জেলা পর্যায়ের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. রুকন উদ্দিন ভূঁইয়া। কর্মশালায় জানানো হয়, বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন আর্ন প্রকল্পের আওতায় বরিশাল বিভাগের ১০টি উপজেলার শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা প্রায় ৪২ হাজার তরুণ-তরুণীকে দক্ষতা উন্নয়ন ও জীবিকাসংশ্লিষ্ট কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ভোলা সদর ও চরফ্যাশন উপজেলায় উপকারভোগীর লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৭০ জন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, স্থানীয় শ্রমবাজারের চাহিদা বিবেচনায় রেখে যুবদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। সভাপতির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. রুকন উদ্দিন ভূঁইয়া বলেন, বিপুলসংখ্যক যুবকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকারি প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণও জরুরি। এ সময় তিনি কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও তথ্যপ্রযুক্তি খাতে চাহিদাভিত্তিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বরিশাল বিভাগ ও ভোলা জেলার প্রকল্পের বিভিন্ন দিক, লক্ষ্য এবং বাস্তবায়ন কার্যক্রম তুলে ধরেন আর্ন প্রকল্পের বরিশাল অঞ্চলের টিম লিডার খুরশীদ আরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলাল হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস। এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় নিয়োগকর্তা, ব্যবসায়ী, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধানে ভোলায় প্রকল্পটি বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছে সেভ দ্য চিলড্রেন। সুইসকন্ট্যাক্ট কারিগরি সহায়তা প্রদান করছে। যৌথ বাস্তবায়ন সহযোগী হিসেবে রয়েছে আন্তর্জাতিক চিলড্রেন একাডেমি প্রকল্প (ইউনিসেফ) এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। কর্মশালায় প্রশিক্ষণ শেষে যুবদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, স্থানীয় অংশীজনদের সম্পৃক্ততা এবং নারী ও সুবিধাবঞ্চিত যুবদের প্রকল্পের কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।








