নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:
পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গত কিছুদিন ধরে চলমান শ্রমিক আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গাজীপুরা এলাকায় পুলিশ বক্সে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। দুই মহাসড়ক অবরোধ করায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন বহু যাত্রী। পরিস্থিতি বিবেচনায় গাজীপুরের ভোগড়া বাইপাস, চৌধুরী বাড়ী, চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ী, সালনা, বড়বাড়ী, সাইনবোর্ড, সদর উপজেলার ভবানীপুর, বাঘেরবাজার, মেম্বারবাড়ী এলাকার ৭০টি কারখানায় একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকাল থেকেই গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকরা। বেশ কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। কিছু এলাকায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বেলা ১২টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তারা মহাসড়ক থেকে সরে গিয়ে বিভিন্ন গলি থেকে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে।
অন্যদিকে সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকরা। পরে ঐ দুই গার্মেন্টসসহ আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর মৌচাকের তেলিরচালা এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। একই পরিস্থিতি তৈরি হয় গাজীপুর সদর উপজেলার ভবানিপুর, মেম্বারবাড়ী, বাঘের বাজার এলাকায়। সেখানে কয়েকটি শিল্পকারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
দুপুরের দিকে নগরীর গাজীপুরা এলাকায় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ফ্লাইওভারের নিচে একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিক বিক্ষোভের কারণে আজকের (মঙ্গলবার) জন্য ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।








