নভেম্বর ২১, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর টানা বৃষ্টিতে ভোলায় ফসল ও জনজীবনে বিপর্যয়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ইয়ামিন হোসেন, অমৃতালোক :

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টি শনিবারও অব্যাহত রয়েছে। এতে দ্বীপ জেলা ভোলার বিভিন্ন উপজেলার চরাঞ্চল ও নিচু এলাকার ফসলের মাঠে পানি জমে গেছে। কাটা ও পাকা ধান ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি শীতকালীন সবজি ও তরমুজের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও শ্রমজীবীদের আয়-রোজগার।

শনিবার সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক জমিতে পাকা ধান কাটার অপেক্ষায় রয়েছে, আবার অনেক জমিতে কৃষকেরা ধান কেটে মাঠেই ফেলে রেখেছেন। কিন্তু টানা বৃষ্টিতে ভিজে যাওয়া এসব ধান শুকাতে পারছেন না তারা। সময়মতো শুকানো না গেলে ধান নষ্ট হওয়ার পাশাপাশি গুণগত মান কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

সদর উপজেলার রাজাপুর গ্রামের কৃষক কালু সর্দার বলেন, ‘আমার জমির ধান কেটে মাঠে রাখা হয়েছে। কিন্তু টানা বৃষ্টিতে ধান ভিজে গেছে। রোদ না উঠলে ধান শুকানো সম্ভব হবে না। এভাবে বৃষ্টি চলতে থাকলে ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। মাঠে এখনো অনেক কৃষকের পাকা ধান রয়েছে।’

শুধু ধান নয়, টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন শীতকালীন সবজি চাষিরাও। ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, টমেটো ও বেগুনসহ বিভিন্ন সবজির খেতে পানি জমে গেছে। যেসব জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো নয়, সেসব জমির ফসল নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন চাষিরা। এর মধ্যে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন তরমুজ চাষিরা, কারণ বৃষ্টির পানিতে তাদের বীজতলা নষ্ট হওয়ার পথে।

চাষি আবুল হাসান কেরানী জানান, প্রায় ১০০ কানি জমিতে তরমুজের বীজতলা তৈরি করা হয়েছিল, যা বৃষ্টির পানি জমে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

এদিকে কাচিয়া মাঝেরচরের চাষি জামাল হোসেন বলেন, ‘তিন একর জমিতে বাঁধাকপির আবাদ করেছি। গাছের বাঁধাকপি এখন বিক্রির উপযোগী হয়েছে। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমেছে। এভাবে পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে। এতে উৎপাদন খরচ তুলতে না পেরে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।’

কৃষকদের ভাষ্য অনুযায়ী, শীতকালীন সবজি চাষে বীজ, সার, কীটনাশক, শ্রমিক ও সেচসহ বিভিন্ন খাতে ইতোমধ্যে বড় অঙ্কের পুঁজি বিনিয়োগ করা হয়েছে। এখন ফসল বিক্রির মৌসুমে খেতে দীর্ঘ সময় পানি জমে থাকলে ফলন কমে যাওয়া ও রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, যা তাদের উৎপাদন খরচও তুলে আনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

কৃষকদের পাশাপাশি টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। কাজে যেতে না পারায় অনেকের দৈনিক আয় বন্ধ হয়ে গেছে।

ইলিশার মহিষ খামারি ইকবাল হাওলাদার বলেন, ‘তিন দিনের বৃষ্টিতে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। দিনমজুরদের সমস্যা সবচেয়ে বেশি। বৃষ্টির কারণে তারা কাজে যেতে পারছেন না। ফলে প্রতিদিনের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে।’

এ বিষয়ে ভোলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘বর্তমানে ধান পেকে গেছে। তাই জমিতে ধানের গোড়ার অংশে অতিরিক্ত পানি জমে না থাকলে তেমন ক্ষতির আশঙ্কা নেই। তবে সবজির গোড়ায় পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে।’

বৃষ্টি থামার পর দ্রুত জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, দীর্ঘ সময় পানি জমে থাকলে বিশেষ করে সবজির শিকড়ে পচন ও রোগবালাই দেখা দিতে পারে।

সব মিলিয়ে টানা বৃষ্টিতে ফসল ও জীবিকা নিয়ে চরম উৎকণ্ঠায় থাকা ভোলার কৃষক ও শ্রমজীবী মানুষের এখন একটাই অপেক্ষা বৃষ্টি থামা ও রোদের দেখা পাওয়া।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ