নভেম্বর ১৯, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ণ

সাভারে বহিরাগতদে হামলায় আহত শ্রমিকের মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:

ঢাকার সাভারে বহিরাগতদের হামলায় গুরুতর আহত এক পোশাক ও চামড়াজাত পণ্য কারখানার শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহত শ্রমিকের নাম মো. সেলিম (২৩)। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার কানাইপুর গ্রামের মোহাম্মদ রহিমের ছেলে। সাভারের আউকপাড়া এলাকায় অবস্থিত ‘ট্রেন্ট সুজ লিমিটেড’ নামের একটি কারখানায় জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন তিনি।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষ চলাকালে গত ৪ নভেম্বর সাভারের আউকপাড়া এলাকায় বহিরাগতদের হামলার শিকার হন সেলিম। ওই ঘটনায় দায়ের করা মামলায় সোমবার পর্যন্ত প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সেলিমের পরিবারের সদস্য ও কারখানার কর্মকর্তারা জানান, গত ৪ নভেম্বর আউকপাড়া এলাকার চামড়াজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ট্রেন্ট সুজ লিমিটেডে শ্রমিকেরা কাজ করছিলেন। সে সময় বহিরাগত একদল লোক আশপাশের বিভিন্ন কারখানায় হামলা চালায়। উদ্ভূত পরিস্থিতিতে ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে ট্রেন্ট সুজ লিমিটেডেও ছুটি ঘোষণা করা হয়।

ছুটির পর কারখানা থেকে শ্রমিকদের বেরিয়ে যাওয়ার সময় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন সেলিম। এ সময় হঠাৎ এক ব্যক্তি লোহার রডজাতীয় কিছু দিয়ে তার মাথায় সজোরে আঘাত করেন। হামলাকারীরা একই কারখানার আরও দুই শ্রমিক মো. রাকিব (২৪) ও লিমনকেও (২৫) মারধর করেন।

গুরুতর আহত অবস্থায় সেলিমকে প্রথমে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সেলিমের বাবা মোহাম্মদ রহিম বলেন, সেদিন (৪ নভেম্বর) কারখানায় ছুটি দেওয়ার পর ১০-১২ জন ছেলে এসে ওদের ওপর হামলা করে। এতে তিনজন আহত হয়, তবে আমার ছেলেটাই সবচেয়ে বেশি আঘাত পায়। লোহার কিছু একটা দিয়ে ওর মাথায় মারা হয়, এরপর থেকেই ও অজ্ঞান ছিল। গত রাতে ঢাকা মেডিকেলে মারা গেছে। ছেলের মরদেহ এখন গ্রামের বাড়ি মাদারীপুরে নিয়ে যাচ্ছি।

ট্রেন্ট সুজ লিমিটেডের এক কর্মকর্তা জানান, মাথায় আঘাত পাওয়ার পর থেকেই সেলিম অচেতন ছিলেন। তাকে বাঁচানোর জন্য কারখানার পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা ও সব ধরনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। হামলায় আহত অন্য দুই শ্রমিক বর্তমানে সুস্থ আছেন।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান জানান, হামলার ঘটনার পর গত ৭ নভেম্বর আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার প্রধান আসামি রনজিৎ বিশ্বাসসহ ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ