নভেম্বর ১৯, ২০২৬ ১:০৬ পূর্বাহ্ণ

গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় শ্রমিকেরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সোমবার (১৬ নভেম্বর) সকাল আটটার দিকে কাজে যোগ না দিয়ে এই বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন এবং যমুনা কারখানার শ্রমিকেরা কারখানায় প্রবেশ না করে বাইরে অবস্থান নেন। একপর্যায়ে বিপুলসংখ্যক শ্রমিক একত্র হয়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে শিল্প পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। এ সময় শ্রমিকেরা আরও উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক থেকে সরে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, দুটি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করেছিলেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ