নভেম্বর ৫, ২০২৬ ১:০৭ পূর্বাহ্ণ

ভোলার চরফ্যাশনে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

এইচ. এম. হাবিবুল্লাহ্,অমৃতালোক :

ভোলার চরফ্যাশনে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোটসহ ১৪ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোটটি থেকে বিপুল পরিমাণ ট্রলিং সরঞ্জাম ও জাল জব্দ করা হয়।

বুধবার (৪ নভেম্বর) রাত ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চরফ্যাশন উপজেলার আহমেদপুরের মায়া ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা। অভিযান চলাকালে একটি অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোট জব্দ করা হয়।

জব্দ করা বোটে তল্লাশি চালিয়ে ৪টি ট্রলিং জাল, ২টি উইংস, ১টি ডেরিক, ২টি ট্রলডোরসহ অন্যান্য ট্রলিং সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ১৪ জন জেলেকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— আনোয়ার হোসেন (৪০), মো. ইসলাম (৪০), মোহাম্মদ জামাল উদ্দিন (৩৫), মনির হোসেন (৩০), সবুজ (৩৫), মো. রাসেল (৩০), দিল মোহাম্মদ, মো. ইয়াসিন, মো. বশির (৩৫), মো. সিরাজ (৬০), পলাশ চন্দ্র সমাজদার (৪০), চিত্র রঞ্জন দাস (৬২), মো. হেলাল (১৭) ও মো. রিফাত (১৬)।

আটক ব্যক্তিদের মধ্যে ১০ জন ভোলার লালমোহন, চরফ্যাশন ও দুলারহাট এলাকার বাসিন্দা। দুজন বরিশালের বাকেরগঞ্জ এবং একজন পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা। অপর একজনের ঠিকানা বাউফল হিসেবে উল্লেখ করা হয়েছে।

জব্দ করা বোট, ট্রলিং জাল ও সরঞ্জাম এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ