ইয়ামিন হোসেন, অমৃতালোক:
ভোলার নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলে সমন্বিত কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোগ গড়ে তুলে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। আন্তর্জাতিক উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ‘অরেঞ্জ কর্নারস বাংলাদেশ’-এর ‘কোহর্ট ৭’ থেকে সফলভাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পাশাপাশি প্রতিষ্ঠানটির ‘অ্যালুমনি অ্যাম্বাসেডর’ নির্বাচিত হয়েছেন তিনি।
গত ২ নভেম্বর ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এই সনদ তুলে দেন ডাচ উপ-রাষ্ট্রদূত ইয়ানা ফান ডের লিন্ডেন।
শরীফুল ইসলাম ভোলাভিত্তিক কৃষি প্রতিষ্ঠান ‘ফরাজি অ্যাগ্রো লাইভস্টক লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা ও সিইও।
প্রতিষ্ঠানটি ভোলা ও লক্ষ্মীপুরের চরাঞ্চলে প্রায় ১,২০০ একর জমিতে পরিবেশবান্ধব ও সমন্বিত উপায়ে তরমুজ, ক্যাপসিকাম, শসা, সরিষা ও সয়াবিনসহ ১৪-১৫ ধরনের উচ্চমূল্যের ফসল উৎপাদন করছে। পাশাপাশি মহিষসহ প্রাণিসম্পদ পালন এবং ফসলের অবশিষ্টাংশ দিয়ে জৈব সার ও তরমুজ থেকে গুড়-পাল্প তৈরির মতো উদ্ভাবনী ‘সার্কুলার’ উৎপাদনব্যবস্থা পরিচালনা করছে।
এই উদ্যোগের মাধ্যমে চরাঞ্চলের সহস্রাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে, যার মধ্যে শতাধিক নারী রয়েছেন। স্থানীয় তরুণদের সম্পৃক্ত করে প্রথাগত কৃষিকে আধুনিক ও বাণিজ্যিক রূপ দেওয়াই তাঁর লক্ষ্য।
‘কোহর্ট ৭’ সফলভাবে সম্পন্ন করায় ফরাজি অ্যাগ্রো ব্যবসা সম্প্রসারণের জন্য যোগ্যতাসাপেক্ষে ৫ হাজার ইউরো পর্যন্ত অনুদান এবং সর্বোচ্চ ৫০ হাজার ইউরো পর্যন্ত ‘ব্লেন্ডেড ফাইন্যান্সিং’ সুবিধার জন্য তালিকাভুক্ত হয়েছে।
অনুষ্ঠানে দেশি-বিদেশি বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই অর্জন নিয়ে শরীফুল ইসলাম বলেন, “এটি আমার জন্য নতুন দায়িত্বের সূচনা। ভোলার চরাঞ্চলের বিপুল কৃষি সম্ভাবনাকে বৈশ্বিক দরবারে তুলে ধরাই আমার মূল লক্ষ্য।








