নভেম্বর ৫, ২০২৬ ২:০৩ পূর্বাহ্ণ

আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ দুই চিকিৎসকের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকীর কক্ষে জোরপূর্বক প্রবেশ করে তাকে মারধরের অভিযোগ উঠেছে দুই চিকিৎসকের বিরুদ্ধে। বুধবার বেলা সোয়া ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে রাজধানীর বনানীতে আইইডিসিআরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত দুই চিকিৎসকের সঙ্গে আরও ১০ থেকে ১৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ছিলেন বলে পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ডা. জাহিদ হাসান ও ডা. বাসেদের নেতৃত্বে ওই ব্যক্তিরা পরিচালকের কক্ষে প্রবেশ করেন। একপর্যায়ে তারা পরিচালকের জামার কলার ধরে তাকে শারীরিকভাবে হেনস্তা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে চলে যান।

পুলিশের কাছে দেওয়া তথ্য অনুযায়ী, ডা. জাহিদ হাসান যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত ‘বাংলাদেশ পাবলিক হেলথ প্রোটেকশন’ প্রকল্পে চাকরি করতেন। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় তার চাকরির মেয়াদও শেষ হয়। এরপর প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য তিনি অবৈধভাবে চাপ প্রয়োগ করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার জের ধরে ডা. বাসেদ ও অন্যদের নিয়ে তিনি পরিচালকের কক্ষে গিয়ে এ ঘটনা ঘটান বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন।

বনানী থানা পুলিশের তৈরি করা একটি প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে এ বিষয়ে মামলা হয়েছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

মারধরের বিষয়টি অধ্যাপক কাজী আহমেদ জাকি নিজেই সমকালকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি এখন ব্যাখ্যা করে বলার মতো অবস্থায় নেই। পরে আপনাদের বিস্তারিত জানাব।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সমকালের হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, নিজের অফিসকক্ষে বসেছিলেন পরিচালক কাজী আহমেদ জাকি। ওই কক্ষে তিনি ছাড়াও অন্তত ১০ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। এসময় ৮-১০ জনের একটি দল ওই কক্ষে প্রবেশ করে। তাদের একজন প্রথমে চেয়ারসহ পরিচালককে তার বসার স্থান থেকে সরিয়ে আনেন। পরে একাধিক ব্যক্তি পরিচালককে মারধর করেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ