নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:
সিরাজগঞ্জে মহাসড়কের বাসে তল্লাশি চালিয়ে ৯৪টি চোরাই মোবাইল ফোনসহ (অ্যান্ড্রয়েড) আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে শ্যামলী পরিবহনের একটি বাসে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন, রবিউল (৩৩), আলাউদ্দিন (২৫), ইসরাফিল (২৭), হৃদয় (৩৫), আলামিন (৩০), আক্কাস (৩৫), ইমরান (৩০) ও ইয়াসিন আরাফাত (৩৮)।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বাসটিতে অভিযান চালানো হয়। এসময় ৮জনকে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন জেলার বাসিন্দা এবং সংঘবদ্ধ চোরাই চক্রের সদস্য।
বুধবার সকালে চক্রটি বগুড়ার ধুনটের মাসুদ টেলিকম নামের একটি মোবাইলের দোকানের শাটার কেটে ভেতরে প্রবেশ করে মোবাইল ফোনগুলো চুরি করেছিল। এ ঘটনায় বগুড়ার ধুনট মামলা হয়েছে।
মাসুদ টেলিকমের স্বত্বাধিকারী মাসুদ রানা বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। বুধবার সকালে মার্কেটের নৈশপ্রহরী দোকানগুলো দেখভালের জন্য মার্কেটে গিয়ে দোকানের তালা কাটা ও শাটার খোলা দেখতে পান।
বিষয়টি জানার পর ঘটনাটি ধুনট থানার পুলিশকে জানাই। একপর্যায়ে সিএনজি স্ট্যান্ডে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে তাদের পালানোর বিষয়ে তথ্য পাওয়া যায়। তারা জানায় আটজন ব্যক্তি দুটি সিএনজি অটোরিকশা রিজার্ভ করে শেরপুর বাসস্ট্যান্ডে যান। সেখান থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় চক্রটি।








