নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট ২৪৫ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে মৃত্যু সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে এক হাজার ৯৪৮ জন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭৯ হাজার ৬২০ জন।
আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবেদনে মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে দুই জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা, বরিশা, চট্টগ্রাম ও রংপুর বিভাগে একজন করে মারা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত ৭৩ হাজার ৮৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে এক হাজার ৮৮২ জন।
প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে অর্থাৎ আগস্টে ডেঙ্গুতে মৃত্যু ছিল ৪৩ জনের। এ ছাড়া জুলাই মাসে ৩৬, জুনে ১৩ জনের মৃত্যু হয়েছিল।
এদিকে মে মাসে ১, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
আক্রান্তও হয়েছে সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি। এই মাসে ৪৩ হাজার ৭৭৪ হাজার মানুষের ডেঙ্গু শনাক্ত হয়েছে। যা আগস্ট মাসের দ্বিগুণেরও বেশি।








