মোঃ আরিয়ান আরিফ, অমৃতালোক:
মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িত থাকার কারণে ইতোমধ্যে অনেককে জেলে যেতে হয়েছে। সব মতের মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চান তারা। তবে গত ১৭ বছরে যারা অপকর্ম করেছেন, তাদের জেলে থাকতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে চরফ্যাশন সদর রোডে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি নয়ন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবসমাজকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। যুবদলও প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছে।
চরফ্যাশন ও মনপুরার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন এবং নদীভাঙন রোধে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটন খাতের উন্নয়নেও উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষের সেবাকে ইবাদত হিসেবে গ্রহণ করে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের মানুষের সমস্যা সমাধানে আন্তরিক হতে হবে।
আগামী বছরের স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যোগ্য প্রার্থী বাছাই করতে হবে। দলের সিদ্ধান্ত মেনে চলতে হবে। দলের সিদ্ধান্ত অমান্য করার কারণে দল বিব্রতকর পরিস্থিতিতে পড়লে তা দলের প্রতি আনুগত্যের অভাব হিসেবে বিবেচিত হবে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. ফিরোজ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা যুবদলের সভাপতি হাজী জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম ,সিনিয়র সহসভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটু ও সদস্য সচিব বেলাল হোসেন।
চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল আলম প্রিন্সের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল। এতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সমাবেশে চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌরসভা থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। তাদের উপস্থিতিতে যুব সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।








