মো: আরিয়ান আরিফ, অমৃতালোক:
দীর্ঘ প্রতীক্ষা ও সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রীর স্থান পেয়েছেন ভোলার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র চেয়ারম্যান ও ভোলা-১ ( সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। মন্ত্রিসভায় স্থান পাওয়ায় তার নির্বাচনী এলাকাসহ পুরো ভোলা জেলা জুড়ে বইছে আনন্দ-উচ্ছ্বাস।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথবাক্য পাঠ করান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আন্দালিব রহমান পার্থ নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে তার শপথ গ্রহণের খবর ছড়িয়ে পড়ার পরপরই ভোলা সদরসহ পুরো জেলায় বিজেপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ দেখা দেয়। স্থানীয় নেতাকর্মীরা আনন্দের অনুভূতি প্রকাশ করে আনন্দ মিছিল ও মিষ্টি মুখ করেন।

পার্থ মন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ভোলা জুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। এলাকাবাসীর ভাষ্যমতে,পার্থ মন্ত্রী হওয়ায় ভোলার দীর্ঘদিনের উন্নয়ন দাবিগুলো নিয়ে নতুন করে আলোচনা শুরু হবে। ভোলাবাসীর দীর্ঘদিনের দাবির মধ্যে রয়েছে ভোলা-বরিশাল সেতু নির্মাণ, জেলার গ্যাস সম্পদের কার্যকর ব্যবহার, শিল্পায়ন, উন্নত যোগাযোগব্যবস্থা, নদীভাঙন রোধ, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নসহ বিভিন্ন বড় প্রকল্প। জেলার মানুষ মনে করছেন, জাতীয় সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ভোলার একজন সংসদ সদস্য থাকলে এসব দাবি বাস্তবায়নে রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে বাড়তি গুরুত্ব তৈরি হতে পারে।
জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাজিন বিল্লাহ বলেন, আগামী দিনে পিতা নাজিউর রহমান মঞ্জুর অসমাপ্ত উন্নয়নকাজগুলো তাঁর ছেলে পার্থ করবেন বলে মনে করি। ভোলার দাবিতে পার্থর ভূমিকা নিয়ে প্রত্যাশা ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। মেঘনা নদীবেষ্টিত দ্বীপজেলা ভোলার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার দাবি বিভিন্ন সময় রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের মাধ্যমে সামনে এসেছে। পার্থও সংসদে ভোলার মানুষের বিভিন্ন দাবি তুলে ধরেছেন। ফলে মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তির খবর ভোলাবাসীর কাছে শুধু একজন সংসদ সদস্যের মন্ত্রী হওয়ার বিষয় নয়, বরং জেলার দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে রাজনৈতিক সম্ভাবনা।
উল্লেখ্য, রাজনৈতিক পরিবারের উত্তরসূরি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার রাজনীতিতে দীর্ঘদিন ধরেই পরিচিত মুখ। তার বাবা প্রয়াত নাজিউর রহমান মঞ্জু ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। ১৯৮৬ সালে তিনি ভোলা-১ সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বাবার রাজনৈতিক উত্তরাধিকার বহন করে আন্দালিব রহমান পার্থ নিজেও জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবার ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। চলতি বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে জয়ী হয়ে আবার সংসদে ফেরেন।
ভোলার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র চেয়ারম্যান ও ভোলা-১ ( সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ভোলা মিডিয়া ক্লাবের সভাপতি ও দৈনিক অমৃতালোক সম্পাদক আলহাজ্ব এম এ আহাদ চৌধুরী তুহিন ও মিডিয়া ক্লাবের সেক্রেটারি দৈনিক যুগান্তর প্রতিনিধি মো : হেলাল গোলদার । অভিনন্দন বার্তায় তারা জানান জনাব পার্থ মন্ত্রী হওয়ায় তিনি তার নিজ জেলা ভোলাকে তার পরিকল্পনায় স্বপ্নের ভোলা বানাতে সহায়ক হবে ও তিনি তা অবশ্যই করবেন ।








