নভেম্বর ১৮, ২০২৬ ১০:০৬ অপরাহ্ণ

সৌরবিদ্যুৎ, ব্যাটারি ও ডিজেল সমন্বিত ১৩ মেগাওয়াটের হাইব্রিড কেন্দ্র : চার বছরেও কাটেনি বিদ্যুৎ সংকট

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

সরজমিন প্রতিবেদন——-

খলিল উদ্দিন ফরিদ, মনপুরা থেকে ফিরে :

সাগর মোহনার মনপুরার আকাশে প্রতিদিন সূর্য ওঠে, আলো ছড়িয়ে বিদায় নেয় দিন। কিন্তু সূর্য ডুবলেই এই জনপদের ঘরে ঘরে নেমে আসে দীর্ঘ অন্ধকার। বিদ্যুতের আলো যেখানে নাগরিক জীবনের স্বাভাবিক অনুষঙ্গ, সেখানে মনপুরাবাসীর কাছে তা যেন এক দুর্লভ প্রত্যাশা। এক-দুই দিন নয়, বছর জুড়ে বিদ্যুৎ সংকটের সঙ্গে লড়াই করছেন দ্বীপের মানুষ। সময় বদলেছে, বদলায়নি দুর্ভোগ; কখনোই কাটেনি বিদ্যুতের অন্ধকার।

সেই দ্বীপ উপজেলা মনপুরাকে জাতীয় গ্রিডের বাইরে রেখেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার স্বপ্ন দেখানো হয়েছিল। সেই স্বপ্ন বাস্তবায়নে নেওয়া হয় ১৩ মেগাওয়াট ক্ষমতার অফগ্রিড সৌর-ব্যাটারি-ডিজেল হাইব্রিড বিদ্যুৎ প্রকল্প। পরিকল্পনাটি ছিল দিনে সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন, অতিরিক্ত বিদ্যুৎ ব্যাটারিতে সংরক্ষণ এবং রাতে কিংবা সৌরবিদ্যুৎ কমে গেলে ব্যাটারি ও ১ মেঘাওয়াট ডিজেল জেনারেটরের মাধ্যমে সরবরাহ।
কাগজে-কলমে আধুনিক এই উদ্যোগ মনপুরার দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধানের সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রকল্পের বিদ্যুৎ এখনো মানুষের ঘরে পৌঁছায়নি। চার বছর আগে বিদ্যুৎ ক্রয় চুক্তি হলেও ২০২৬ সালেও বিদ্যুৎ সংকট থেকে মুক্তি পায়নি দ্বীপবাসী।
ফলে প্রশ্ন উঠেছে কোটি কোটি কোটি টাকার প্রকল্পের সুফল কবে পাবেন মনপুরার মানুষ?

মনপুরা ভৌগোলিকভাবে দেশের মূল ভূখন্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। জাতীয় গ্রিডের সঙ্গে সরাসরি সংযোগ না থাকায় এখানে বিদ্যুৎ সরবরাহ দীর্ঘদিন ধরে নির্ভর করছে স্থানীয় মিনি গ্রিড ও জেনারেটর ভিত্তিক ব্যবস্থার ওপর।
এই বাস্তবতায় জাতীয় গ্রিডের অপেক্ষায় না থেকে স্থানীয়ভাবেই বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পটির নাম Western Monpura Solar Power Ltd. (WMSPL)| । এটি পশ্চিমাঞ্চল রিনিউএবল এনার্জি প্রাইভেট লিমিটেডের সঙ্গে সংশ্লিষ্ট।
প্রকল্পের মূল ধারণা ছিল একটি বড় সৌরবিদ্যুৎ ব্যবস্থা, ব্যাটারি এনার্জি স্টোরেজ এবং ডিজেল জেনারেটরকে একই ব্যবস্থার আওতায় এনে মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা।
২০০-২২০ কোটি টাকার প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, ৪৩০০ পিলারের উপরে ১৮/২০ হাজার সোলার প্যাণেলে প্রায় ১৩ মেগাওয়াট ডিসি সৌর সক্ষমতা স্থাপনের কথা রয়েছে। উৎপাদিত সৌরবিদ্যুৎ সরাসরি গ্রাহকদের সরবরাহের পাশাপাশি বড় আকারের ব্যাটারিতে সংরক্ষণ করা হবে।
প্রকল্পে প্রায় ২২ মেগাওয়াট-ঘণ্টা লিথিয়াম আয়রন ফসফেট (খরঋবচঙ৪) ব্যাটারি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। দিনের বেলায় সূর্যের আলো থাকলে সৌরবিদ্যুৎ উৎপাদন হবে। অতিরিক্ত বিদ্যুৎ জমা থাকবে ব্যাটারিতে। রাতে বা মেঘলা আবহাওয়ায় সেই সঞ্চিত বিদ্যুৎ ব্যবহার করা হবে।
কোনো কারণে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ সম্ভব না হলে ব্যাকআপ হিসেবে ১ মেঘাওয়াট ডিজেল জেনারেটর ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
অর্থাৎ এটি প্রচলিত কোনো ডিজেল বিদ্যুৎকেন্দ্র নয়। সৌরবিদ্যুৎকে প্রধান উৎস, ব্যাটারিকে শক্তি সঞ্চয়ের মাধ্যম এবং ডিজেলকে জরুরি ব্যাকআপ হিসেবে ব্যবহার করাই প্রকল্পটির মূল কাঠামো।
প্রকল্পটির সঙ্গে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ২০ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি রয়েছে। ২০২২ সালের ২৫ জুলাই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তির মাধ্যমে প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ নির্দিষ্ট কাঠামোর অধীনে ক্রয়ের ব্যবস্থা করা হয়। প্রকল্পটির লক্ষ্য ছিল মনপুরার স্থানীয় বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।
কিন্তু চুক্তির চার বছর পরও প্রকল্পটি পূর্ণ সক্ষমতায় কার্যকর না হওয়ায় প্রশ্ন উঠেছে বাস্তবায়নের গতি নিয়ে।
মনপুরায় বিদ্যুতের সংকট এখনো তীব্র। কখনো কয়েক ঘণ্টা বিদ্যুৎ মিলছে, আবার দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও মৎস্যভিত্তিক অর্থনীতি। যেহেতু মনপুরার অর্থনীতি অনেকাংশে মৎস্য নির্ভর। মাছ সংরক্ষণ, বরফ উৎপাদন, পরিবহন ও বাজারজাত করণে বিদ্যুতের প্রয়োজন রয়েছে।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকলে বরফকল ও মাছ সংরক্ষণ ব্যবস্থা ব্যাহত হয়। ব্যবসায়ীদের জেনারেটরের ওপর নির্ভর করতে হয়। এতে উৎপাদন ও ব্যবসার খরচ বাড়ে।

বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল হলে শুধু ঘরবাড়ি আলোকিত হবে না; স্থানীয়ভাবে বরফকল, হিমায়িত মাছ সংরক্ষণ, ক্ষুদ্র শিল্প, ব্যবসা-বাণিজ্য ও ডিজিটাল সেবার প্রসার ঘটতে পারে।
তাই মনপুরার বিদ্যুৎ প্রকল্পের সঙ্গে জড়িয়ে আছে পুরো দ্বীপের অর্থনৈতিক সম্ভাবনা।
পুরোনো মিনি গ্রিডের ব্যাটারি ও অবকাঠামোর সক্ষমতা কমে যাওয়ায় সংকট আরও বাড়ছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বিদ্যুৎ না থাকায় জেনারেটর চালাতে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। অথচ একই সময়ে মনপুরার বিদ্যুৎ সংকট নিরসনে বড় আকারের একটি আধুনিক অফগ্রিড প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
এই বৈপরীত্যই এখন সবচেয়ে বড় প্রশ্ন যে প্রকল্প বিদ্যুৎ সংকট দূর করার কথা, সেটিই যদি সময়মতো চালু না হয়, তাহলে প্রকল্পটির উদ্দেশ্য কতটা পূরণ হলো?

অফগ্রিড প্রকল্পের পাশাপাশি এখন মনপুরাকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করার উদ্যোগও সামনে এসেছে। বিদ্যুৎ সরবরাহের স্থায়ী সমাধানে সাবমেরিন কেবল ও ল্যান্ডিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ মনপুরার বিদ্যুৎ ব্যবস্থায় এখন দুটি পথ সামনে একদিকে অফগ্রিড সৌর-ব্যাটারি-ডিজেল ব্যবস্থা, অন্যদিকে জাতীয় গ্রিডে সংযুক্তির উদ্যোগ।

বিশেষজ্ঞদের মতে, দ্বীপাঞ্চলে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে জাতীয় গ্রিডে সংযুক্তি সম্ভব হলে বড় আকারে বিদ্যুৎ সরবরাহের সুযোগ তৈরি হবে। তাই দীর্ঘমেয়াদে দুটি ব্যবস্থাকে কীভাবে সমন্বিত করা হবে, সেটিও গুরুত্বপূর্ণ।
প্রশ্ন এখন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে! মনপুরার মানুষের জন্য অফগ্রিড হাইব্রিড বিদ্যুৎ প্রকল্পটি নিঃসন্দেহে সম্ভাবনাময়। কিন্তু সম্ভাবনা তখনই বাস্তবে রূপ নেবে, যখন প্রকল্পটি নির্ধারিত সক্ষমতায় চালু হবে এবং মানুষ নিয়মিত বিদ্যুৎ পাবে।
এখন প্রয়োজন প্রকল্পটির বাস্তব অগ্রগতি প্রকাশ করা। কত টাকা ব্যয় হয়েছে, অবকাঠামো নির্মাণ কতদূর এগিয়েছে, কেন নির্ধারিত সময়ে চালু হয়নি, বর্তমানে কী কী কাজ বাকি এবং কবে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ শুরু হবে এসব তথ্য জনগণের সামনে স্পষ্ট করা দরকার।
একই সঙ্গে জাতীয় গ্রিডে সংযুক্তির উদ্যোগ বাস্তবায়িত হলে এই অফগ্রিড প্রকল্পের ভবিষ্যৎ ভূমিকা কী হবে, সেটিও পরিষ্কার করা প্রয়োজন।
Western Monpura Solar Power Ltd. (WMSPL) প্রকল্প পরিচালক এস এম কাইয়ুম বাপ্পি বলেন, ২০২৪ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে তা সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে বর্তমানে প্রকল্পের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। আর্থিক সহায়তার সংকট, ডলারের মূল্যবৃদ্ধি এবং ব্যাংকের এলসি (ঋণপত্র) সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন প্রকল্পের কার্যক্রম বন্ধ ছিল। তিনি আরও জানান, আগামী ডিসেম্বর ২০২৬ থেকে পুরোদমে প্রকল্পের কাজ শুরু হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের মার্চ-এপ্রিল মাসের দিকে এ প্রকল্প থেকে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
মনপুরার মানুষ এখন আর শুধু প্রকল্পের খবর শুনতে চায় না; তারা প্রকল্পের বিদ্যুৎ পেতে চায়।
অফগ্রিড বিদ্যুতের যে স্বপ্ন দেখানো হয়েছিল, সেটি যেন আরেকটি দীর্ঘ অপেক্ষার গল্পে পরিণত না হয় এটাই এখন দ্বীপবাসীর প্রত্যাশা।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ