মীর তানু,অমৃতালোক:
ভোলা জেলা ডিবি পুলিশের অভিযানে ঢাকার মোহাম্মদপুর থেকে চুরি হওয়া এক স্কুল শিক্ষিকার ২১ লাখ টাকা মূল্যের ৯ ভরি ১৫ আনা ১রতি স্বর্নলংকার ও নগদ ৫ লাখ টাকাসহ মো.আব্দুল আলী (৩৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ভোলার পুলিশ সুপার কার্যালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভোলার পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার।
এর আগে,গতকাল বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল আলী মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি এলাকার বশিরউদ্দিনের ছেলে।
ভোলার পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার বলেন,গোপন সংবাদের ভোলা সদর রোডে নুর জুয়েলার্স নামে একটি স্বর্নের দোকানে এক ব্যক্তি বেশ কিছু স্বর্নলংকার বিক্রির চেষ্টা করছে এমন সংবাদের ভিক্তিতে তার সঙ্গে থাকা কালো রঙের একটি হাতব্যাগ তল্লাশি চালিয়ে এসব স্বর্নলংকার ও টাকা পাওয়া যায়। পরবর্তী এসব স্বর্নলংকারের বৈধ কাগজপত্র না পাওয়ায় এসব জব্দ করে তাকে গ্রেপ্তার করে ডিবি।
পুলিশ সুপার আরও বলেন,গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানায়,সে মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার জনৈকা শিক্ষিকা সাম্মা তাছলিমের বাসা থেকে উক্ত স্বর্নলংকার ও টাকা চুরি করে বিক্রির জন্য ভোলায় নিয়ে আসেন। তিনি ওই স্কুল শিক্ষিকার গাড়ি চালক ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম ও উদ্ধারকৃত স্বর্নলংকার ও টাকা ফিরিয়ে দেওয়ার আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
এসময় ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো.সোহান সরকার,জেলা গোয়েন্দা শাখা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।








