নভেম্বর ১৯, ২০২৬ ১:৩২ পূর্বাহ্ণ

জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:

দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এই বিদ্যালয়গুলোকে কোন প্রক্রিয়ায় জাতীয়করণ করা যায়, তা নিয়ে আলোচনা ও করণীয় নির্ধারণে আগামী রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে এক উচ্চপর্যায়ের সভা ডেকেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর দেড়টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৬১০-৬১২ নম্বর কক্ষে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া।

সভার আলোচ্যসূচিতে সরাসরি ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে অন্তর্ভুক্তিকরণ’ বিষয়টি রাখা হয়েছে। এই সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সিদ্দিক জুবায়ের উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ১৬ জনকে এই সভায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার বিষয়টি বর্তমানে সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। মূলত কোন পদ্ধতি অনুসরণ করে এসব প্রতিষ্ঠানকে সরকারি করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা তৈরিতে রোববারের সভাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে।

তবে দেশের ঠিক কতটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এই প্রক্রিয়ার আওতায় আসতে পারে, কোন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে এবং জাতীয়করণের ক্ষেত্রে কী কী শর্ত নির্ধারণ করা হবে—তা এখনো স্পষ্ট নয়। রোববারের সভায় এই মৌলিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। পাশাপাশি ওই সভা থেকেই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসবে, নাকি পরবর্তী সময়ে আরও যাচাই-বাছাই করা হবে, সে বিষয়েও এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ