নভেম্বর ২১, ২০২৬ ৩:১২ পূর্বাহ্ণ

চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:

চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার পদ্মবিলা শাখায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে ব্যাংক লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এর মধ্যে একটি ব্যাংকের প্রধান দরজায় এবং আরেকটি সিঁড়ির পাশে বিস্ফোরিত হয়। বাকি দুটি বিস্ফোরিত হয়নি। বিস্ফোরণের পর ব্যাংকের প্রধান দরজার সামনে আগুন ধরে যায়। এ সময় বাজারের নৈশপ্রহরী জালাল উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন।

গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখা ব্যবস্থাপক বিপ্লব ভট্টাচার্য জানান, সিসিটিভি ফুটেজে কয়েকজন অজ্ঞাত যুবককে ব্যাংক লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করতে দেখা গেছে। ঘটনার পর পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে। তবে বর্তমানে ব্যাংক শাখার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ব্যাংক লক্ষ্য করে পেট্রোল বোমা জাতীয় বস্তু নিক্ষেপ করা হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে তা গ্রহণ করা হবে। তবে পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ