নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক:
সমকালীন শিল্পচর্চার বহুমাত্রিক ভাষা ও অভিব্যক্তিকে সামনে নিয়ে রাজধানীর উত্তরায় গ্যালারি কায়ায় গতকাল শুক্রবার শুরু হয়েছে ১১ জন শিল্পীর সম্মিলিত চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী। ‘ক্রসরোড–নট অ্যা প্রজেক্ট’ শীর্ষক এ আয়োজনটি গড়ে উঠেছে এক ধরনের সৃজন-সংলাপের ভেতর দিয়ে। যেখানে শিল্পীরা নিজেদের সময়, অনুভব ও ভাবনার ক্রসরোডে দাঁড়িয়ে নির্মাণ করেছেন ভিন্ন ভিন্ন শিল্পভাষা। গ্যালারি কায়া প্রাঙ্গণে বিকেল সাড়ে ৫টায় আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
এই প্রদর্শনীতে স্থান পেয়েছে ১১ জন শিল্পীর সৃজিত মোট ৪৬টি শিল্পকর্ম, যেখানে মাধ্যম ও উপস্থাপনার বৈচিত্র্য বিশেষভাবে লক্ষণীয়। সিরামিক ও স্টোনওয়্যার সিরামিকের ভাস্কর্যের পাশাপাশি পিতলের নির্মিত শিল্পবস্তু, ওয়েল্ডেড আয়রনের ভাস্কর্য, তেলরং, অ্যাক্রিলিক, গুয়াশ ও জলরঙে আঁকা চিত্রকর্ম এবং বিভিন্ন মিশ্র মাধ্যমে তৈরি কাজ। সব মিলিয়ে প্রদর্শনীটি হয়ে উঠেছে এক বিস্তৃত শিল্পভূমি। ক্যানভাস ও কাগজের ওপর শিল্পীদের সূক্ষ্ম কারুশৈলী এবং সমকালীন জীবনবোধের বহিঃপ্রকাশ দর্শকদের সামনে নতুনভাবে ধরা দেবে।
প্রদর্শনীতে অংশ নিয়েছেন আবদুস সাত্তার তৌফিক, অসীম হালদার সাগর, আজহারুল ইসলাম চঞ্চল, আজমীর হোসেন, মনজুর রশিদ, নবরাজ রায়, শাহানূর মামুন, সহিদ কাজী, সোহাগ পারভেজ, সুশান্তকুমার অধিকারী এবং তেজশ হালদার জোশ। প্রত্যেক শিল্পী তাঁদের নিজস্ব স্বর ও শৈলী নিয়ে উপস্থিত হয়েছেন, ফলে প্রদর্শনীটি হয়ে উঠেছে বৈচিত্র্যের মধ্যকার এক সৃজনশীল সংলাপ।
আয়োজক গ্যালারি কায়া জানায়, আগামী ১৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।








