নভেম্বর ২৭, ২০২৬ ৪:০৬ অপরাহ্ণ

রাজধানীতে আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে কর্মীদের এলোপাতাড়ি কুপিয়েছে দুই ব্যক্তি। এতে হোটেলটির এক ব্যবস্থাপক নিহত হয়েছেন। একইসঙ্গে এসময় আহত হয়েছেন মহাব্যবস্থাপকসহ দুজন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ২টার দিকে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

নিহত নাঈমুর রহমানের বয়স ২৬ বছর। আহত দুজন হলেন মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী হাসান (২৬)।

এদিকে শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক হোটেল ম্যানেজার নাঈমুরকে মৃত ঘোষণা করেন।

ওয়ারী থানার এসআই আল আমিন মিয়া জানান, রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে ঢুকে নাঈমুরকে এলোপাতাড়ি কোপান। তার চিৎকার শুনে আব্দুর রাজ্জাক ও হাসান এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে আহত করা হয়।

এদিকে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে নাঈমুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা আল আমিন বলেন, হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এ ঘটনায় জড়িত বলে প্রাথমিক তথ্য মিলেছে।

তিনি জানান, আহত আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে। হাসানের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়ার পর তাদের শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ