এআর সোহেব চৌধুরী,অমৃতালোক, চরফ্যাশন :
আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী ঘোষিত চরফ্যাশন ও মনপুরা (ভোলা-৪) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোস্তফা কামাল বলেছেন, যুব সমাজকে দীর্ঘ ১৭ বছর মাদকাসক্ত করে ধ্বংস করে দিয়েছে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া যুব সমাজকে একটি দল জুলাই সনদে সমর্থন দিচ্ছে না। তারা পিআর পদ্ধতির বিরোধিতা করছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে স্থানিয় ব্রজগোপাল টাউন হলে চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগ কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন হয়নি। জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচন দিতে হবে।
উপজেলা জামায়াতের যুব ক্রীড়া ও তথ্য বিষয়ক সম্পাদক মাওলানা মো.জহিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর ভোলা জেলা সাধারণ সম্পাদক মাওলা কাজী হারুনুর রশীদ, উপজেলা শাখার আমীর অধ্যক্ষ মীর মো. শরীফ হোসাইন ,উপজেলা শাখার সম্পাদক মাওলানা মো.কাশেম,সহকারী সম্পাদক এডভোকেট এনামুল হক রায়হান,মাওলানা মো.শিরাজুল ইসলাম,মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক মামুন আলমসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ভোলা জেলা সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ বলেছেন আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমাদের আগামীর সংগ্রাম হবে দুর্নীতির বিরুদ্ধে। আগামী দিনে জামায়াত ক্ষমতায় গেলে দেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গঠন করা হবে। উপজেলা আমীর অধ্যক্ষ মীর মো.শরীফ বলেন, বিগত তিনটি নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি। এবারের নির্বাচন মহা উৎসবের সাথে পালিত হবে বলে বিশ্বাস করি। আমাদের নেতারা ইসলামের বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। আমাদের সামনে সেই সুযোগ হাজির হয়েছে। দেশের সকল ইসলামি দল ঐক্যবদ্ধ হয়েছে।
মাওলানা জহিরুল ইসলাম বলেন, আগামীর বাংলাদেশ কোন পথে যাবে আজকের যুব সমাবেশ তার ইঙ্গিত দিচ্ছে। এ পর্যন্ত যতো সমীক্ষা হয়েছে, সব সমীক্ষায় দেখা গেলে আগামীতে ইসলামি দল বিজয়ী হবে। কিছু রাজনৈতিক দল কেন পি আর পদ্ধতির বিরোধিতা করছেন তা জানাতে গিয়ে তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই যারা দেশটাকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছেন তারাই পিআর সিস্টেমের বিরোধিতা করছেন। তিনি বলেন, এ দেশের তরুণ যুবকরা জেগে উঠেছে। এই প্রজন্ম আগামী নির্বাচনে তাদেরকে প্রতিহত করবে। পরে একটি র্যালী বের করে যুব বিভাগ। এসময় র্যালীটি চরফ্যাশন সদর প্রদক্ষিণ করে জামায়াত কার্যালয়ে এসে শেষ হয়। এতে শতশত যুব জামাত ও শিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।






