নভেম্বর ২১, ২০২৬ ২:৫৮ পূর্বাহ্ণ

আগুন-সহিংসতা চলছেই

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:

চলমান সহিংসতা থামছেই না। গতকাল বৃহস্পতিবারও দেশের বিভিন্নস্থানে আগুন, ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও এমপিদের বাড়িতে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জ-১ ও ২ আসনের সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন দেওয়া হয়েছে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের গ্রামের বাড়িতেও। এছাড়া, দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবারও রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় পল্লবীতে যাত্রীবাহী বাসে ও তুরাগে আরেকটি আসে আগুন দেওয়া হয়েছে। এছাড়া, ধোলাইপাড় বাসস্ট্যান্ডের সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পাঁচটি বাসে আগুন ও সাতটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত চার জন আহত হয়েছেন। একটি ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ।

রাজধানীর বিজয়নগর এলাকায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া, রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচ ও মিরপুরের পল্লবীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ভোর রাত থেকে সন্ধ্যায় পর্যন্ত এ ঘটনা ঘটে। তবে কোনো ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গোপালগঞ্জে দুই এমপির বাড়িতে আগুন : আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা ও কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, গোপালগঞ্জের কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে। গতকাল বেলা সাড়ে ১০টার দিকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া, মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। আগুন দেওয়া হয়েছে মুকসুদপুর থানা এলাকায় দাঁড়িয়ে থাকা ২০টি ঘাড়িতে এবং বেশ কিছু মটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এছাড়া, গোপালগঞ্জ-২ আসনের এমপি কে এম বাবরের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি এম এইচ খানের শহরের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

গোপালগঞ্জে জেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরের ভেতরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং দোকানপাট বন্ধ রয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধকারীরা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে। ভোর থেকেই গোপালগঞ্জ শহর ও অভ্যন্তরীণ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল।

মুকসুদপুর থানায় আগুন : আমাদের মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে তাণ্ডব। এ সময় পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করা যানবাহনসহ অন্তত ১৫টি গাড়িতে আগুন দেওয়া হয়।

বাগেরহাটে বিএনপি অফিস ও কৃষকলীগ নেতার বাড়িতে আগুন : আমাদের বাগেরহাট প্রতিনিধি ও ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা জানান, বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস ও শহরের হাড়িখালী এলাকায় জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক দুলাল আকনের বাড়ি বুধবার রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। একই রাতে ফকিরহাটের উপজেলায় মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা শথিলের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও মোড়েলগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় একটি মোটরসাইকেলেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

নানক ও জিয়াউল আহসানের ব‌রিশালের বাসভবনে আগুন : আমাদের বরিশাল অফিস জানায়, ন‌্যাশনাল টেলিকমিউনিকেশন ম‌নিট‌রিং সেন্টারের সাবেক মহাপরিচালক সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের ব‌রিশালের বাসভবনে অ‌গ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্প‌তিবার সন্ধ‌্যায় নগরীর কলেজ রোডস্থ বাসভবনে এই অ‌গ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাসভবনের নিচতলার এক‌টি কক্ষ বেশ ক্ষ‌তিগ্রস্ত হয়ে‌ছে। পু‌ড়ে গেছে আসবাবপত্র।

বরিশাল নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একইদিন গৌরনদী পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের বাড়িতে অগ্নিসংযোগ ও সাবেক এক ইউপি সদস্যর বাড়িতে হামলা ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোররাতে নগরীর বটতলা এলাকায় নানকের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি কয়েকটি জানালার গ্লাস ভাঙচুর করা হয়। পরবর্তীতে বাড়ির গার্ডরুমে অগ্নিসংযোগ করা হয়।

অন্যদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর ও মাদারীপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে ভোমড়াখালি, মুকসুদপুর, রাঘদি, দিকনগর, চরপ্রসন্নদী ও বড়ইতলা এলাকায় মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এতে বরিশাল থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে বরিশালগামী অসংখ্য যানবাহন আটকা পড়ে।

ভালুকায় বাসে আগুন : আমাদের ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার জামিরদিয়া এলাকার স্কয়ার মাস্টারবাড়ীতে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের সংকেত বক্সে আগুন : আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় রেলওয়ের সংকেত বক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। রাত পৌনে ২টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দুবলা এলাকায় এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের শাখায় চার পেট্রোল বোমা নিক্ষেপ : আমাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে দুটি বোমা বিস্ফোরিত হয়ে ব্যাংকের প্রধান ফটকের সামনে আগুন ধরে যায়।

চট্টগ্রামে নওফেল-নাছিরের বাসায় পুলিশের তল্লাশি, বিভিন্ন স্থানে আগুন : আমাদের চট্টগ্রাম অফিস জানান, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। আওয়ামী লীগের আরেক নেতা মাহতাব উদ্দিন চৌধুরীর বাসায় হামলা এবং পুলিশ বক্স ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার আনোয়ারায়ও ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার ‘নিরিবিলি’ নামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এটি সাবেক প্রধান উপদেষ্টার পৈতৃক বাসভবন। তবে সেখানে তার পরিবারের কেউ থাকেন না।

ফেনীর সাবেক এমপি রহিম উল্লাহর বাড়িতে আগুন : আমাদের ফেনী প্রতিনিধি জানান, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় বাড়ির মালামাল লুট করে নেওয়ার পাশাপাশি ঘরে ও বাড়ির সামনে থাকা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

ফুলবাড়ীয়ায় ইউনিয়ন পরিষদে আগুন : আমাদের ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ভেতরে দেওয়া আগুনে আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ : আমাদের যশোর অফিস জানায়, যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে গাড়ি চালক রাজিব (৪৫) অগ্নিদগ্ধ হয়েছেন এবং চালকের সহকারী (হেলপার) হূদয় (৪০) কাচের আঘাতে আহত হয়েছেন।

খাগড়াছড়িতে দুটি পিকআপে আগুন : আমাদের খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা সাজেকগামী পর্যটক পরিবহনের দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ময়মনসিংহের সাবেক এমপির বাড়ি ভাঙচুর ও আগুন : আমাদের ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহের বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা সাবেক এমপির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বাসে অগ্নিসংযোগ করেছে। সংশ্লিষ্ট থানার ওসিরা এসব ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তারা জানায়, একদল দুষ্কৃতকারী ও দুর্বৃত্তরা এসব ঘটনা ঘটিয়েছে।

সিরাজগঞ্জে আওয়ামী লীগ কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে আগুন : আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও দলটির সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে বুধবার সন্ধ্যায় আগুন দেওয়া হয়। তাছাড়া একই দিন বিকালে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এছাড়া আমাদের কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা জানিয়েছেন, কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ হয়েছে। আমাদের মাদারীপুর প্রতিনিধি জানিয়েছেন, মাদারীপুরে সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন সার্বিক তেলের পাম্পে হামলা ভাঙচুর হয়েছে। আমাদের মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানিয়েছেন, মিরসরাইয়ে মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেড দেওয়া হয়। আমাদের মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, মির্জাপুরে গোড়াই হাইওয়ে থানার পাশে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ হয়েছে। আমাদের পটুয়াখালী (দক্ষিণ) প্রতিনিধি জানান, পটুয়াখালীতে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান মোহন এবং জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বসতবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আমাদের স্টাফ রিপোর্টার, রাজশাহী জানিয়েছেন, রাজশাহীতে বিআরটিসি বাস ও রেললাইনে আগুন দেওয়া হয়েছে। স্টাফ রিপোর্টার, রংপুর জানিয়েছেন, রংপুরে গ্যারেজে পার্কিং করা শাপলা পরিবহনে আগুন দেওয়া হয়। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, সোনারগাঁওয়ে বাসে ও খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ