নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক:
পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের তিনটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোরে এ অভিযান পরিচালনা করে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ১০ মার্চ ভোর সাড়ে পাঁচটার দিকে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সুয়েরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অধিনায়ক, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর পরিকল্পনা ও নির্দেশনায় মালকাডাঙ্গা বিওপির নিয়মিত টহল দল হাবিলদার মো. রমজান আলীর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭৫/এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় সুয়েরপাড় এলাকায় মালিকবিহীন অবস্থায় তিনটি ভারতীয় গরু, এরমধ্যে দুটি ষাঁড় ও একটি বকনা গরু জব্দ করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা। জব্দকৃত গরুর সিজার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানায়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু, মাদকসহ বিভিন্ন পণ্য পারাপার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে ৫৬ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।








