সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১:২২ অপরাহ্ণ

সাংবাদিকদের বিদেশে আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

সাংবাদিকদের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণ এবং বিদেশ সফরের সুযোগ সৃষ্টির জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য আগামী সপ্তাহ থেকেই উদ্যোগ নেওয়া হবে এবং লন্ডনের বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অভিজ্ঞতার আলোকে বিদেশে প্রশিক্ষণের সুযোগ তৈরির বিষয়ে ব্রিটিশ রাষ্ট্রদূতের সঙ্গেও কথা হয়েছে।

শুক্রবার (২৯ মে) ময়মনসিংহের নান্দাইলে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বিদেশে সাংবাদিকদের প্রশিক্ষণের বিষয়ে আমি ইতোমধ্যে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। প্রতি বছর বাংলাদেশ থেকে অন্তত ৪০-৫০ জন সাংবাদিককে বিদেশে প্রশিক্ষণে পাঠানোর বিষয়ে আমি অনুরোধ জানিয়েছি।

এসময় স্থানীয় সাংবাদিকদের আশ্বস্ত করে তিনি বলেন, এশিয়াসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণের সুযোগ এলে তিনি নান্দাইল থেকে যোগ্যদের পাঠানোর চেষ্টা করবেন।

এ ছাড়া স্থানীয় পর্যায়ে দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
সাংবাদিকদের বিভক্তির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র সমুন্নত রাখতে এবং নান্দাইলকে এগিয়ে নিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

তিনি ঘোষণা দেন, সাংবাদিকরা যদি একত্রিত হয়ে জায়গার ব্যবস্থা করতে পারেন, তবে তিনি সরকারি খরচে একটি আধুনিক ভবন নির্মাণ করে দেবেন, যেখানে কমিউনিটি হল থাকবে, যা ভাড়া দিয়ে প্রেস ক্লাবের নিজস্ব তহবিল গঠন করা যাবে।

পেশাদারিত্বের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভিউ বাড়ানোর নেশায় অসত্য বা ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। আমরা মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের বিরুদ্ধে নীতিমালা তৈরি করছি।

তিনি জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড রুখতে অনলাইন সংবাদপত্রের নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে।

উন্নত বিশ্বের উদাহরণ দিয়ে তিনি বলেন, অনলাইন নিউজ পড়ার জন্য সাবস্ক্রিপশন ফি বা নিবন্ধনের ব্যবস্থা চালুর চিন্তাভাবনাও সরকারের রয়েছে।

দুর্নীতিমুক্ত প্রশাসন ও উন্নয়ন প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, থানা, ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে কোনো দালালচক্র বরদাশত করা হবে না।

আমি সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করব কারা নিয়মিত থানায় গিয়ে দালালি করে।
উন্নয়ন কাজের দুর্নীতি প্রসঙ্গে তিনি জানান, কাজের মান সন্তোষজনক না হওয়ায় এবং দীর্ঘ সময় কাজ ফেলে রাখায় ইতোমধ্যে ৮২টি টেন্ডার বাতিল করা হয়েছে।

এসময় প্রতিমন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সীমিত বাজেটের কথা উল্লেখ করে প্রকৃত দুস্থ সাংবাদিকদেরই সহায়তা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন। একইসঙ্গে তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি আধুনিক ও সুন্দর নান্দাইল গড়তে সরকারের সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানান

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ