নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :
রাজধানীর সবুজবাগে ছুরাইয়া আক্তার ফালানী নামে এক তরুণীর দ্বিখণ্ডিত লাশ উদ্ধারের মামলায় তার বান্ধবী নুসরাত জাহান সাহিদার স্বামী মনজুরুল ইসলাম রাব্বী এবং তার সহযোগী শাওনকে ৪ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই রিমান্ডের আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল বুধবার রাতে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার উপ-পরিদর্শক নূরে আলম সিদ্দিকী তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আসামিদের পক্ষে তাদের আইনজীবী খলিলুর রহমান (আসাদ) রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করেন।
শুনানি নিয়ে আদালত প্রত্যেকের ৪ দিনের রিমান্ডের আদেশ দেন।
গত ৬ অগাস্ট সবুজবাগের মাদারটেক বাগানবাড়ির গরুর খামার লাগোয়া সেতুর নিচ থেকে একটি খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করে পুলিশ। পরে ছবি দেখে দেহাংশটি ছুরাইয়া আক্তার ওরফে ফালানীর বলে শনাক্ত করেন তার মা-বাবা। ১৯ বছর বয়সী ফালানী মুন্সীগঞ্জের ঢালীকান্দি গ্রামের বজলুল ব্যাপারীর মেয়ে।
এ ঘটনায় ওইদিনই অজ্ঞাতদের আসামি করে সবুজবাগ থানায় মামলা দায়ের করেন এসআই রাশেদুল হাসান। ঘটনাটি তদন্তে নেমে পুলিশ হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় গত ২১ অগাস্ট ফালানীর বান্ধবী সাহিদা, ফারুক, সুজন, মামুন ও বাপ্পিকে গ্রেপ্তার করে।








