এপ্রিল ২৪, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ

সংসদে শিক্ষামন্ত্রী শিক্ষাখাতের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

আওয়ামী লীগ আমলে শিক্ষাখাতের অনিয়ম ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার সংসদের বৈঠকে প্রশ্নোত্তরে তিনি এ কথা জানান। এর আগে বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

বিএনপি দলীয় সদস্য (পাবনা-৫) শামছুর রহমান শিমুলের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ২০০৮-০৯ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত শিক্ষাখাতে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো পর্যালোচনার জন্য তদন্ত কার্যক্রম গ্রহণে সরকার নীতিগতভাবে গুরুত্বারোপ করেছে। এই লক্ষ্যে একটি সমন্বিত প্রতিবেদনের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, তদন্ত ও যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে শ্বেতপত্র প্রণয়ন ও প্রকাশের বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে তদন্ত কার্যক্রমের পরিধি ব্যাপক হওয়ার কারণে নির্দিষ্ট সময়সীমা এই মুহূর্তে নির্ধারণ করা সম্ভব নয়।

জামায়াতের সদস্য (রংপুর-১) রায়হান সিরাজীর প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডে বর্তমানে ৮০ হাজার ৩২০টি আবেদন জমা রয়েছে। এর বিপরীতে প্রয়োজনীয় অর্থের পরিমাণ ৯ হাজার ৬৩৮ কোটি টাকা। এর মধ্যে ৫৯ হাজার ৮২০টি আবেদন এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, যার জন্য প্রায় সাত হাজার ১৭৬ কোটি টাকা প্রয়োজন।

মন্ত্রী জানান, সরকার চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ২০ হাজার ৫০০টি আবেদন নিষ্পত্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই খাতে দুই হাজার ৪৬২ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ছয় হাজার আবেদন নিষ্পত্তি করে প্রায় ৭০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট অর্থ দিয়ে আরও প্রায় ১৪ হাজার ৫০০ জন শিক্ষক-কর্মচারীর ভাতা দেওয়া সম্ভব হবে। কল্যাণ ট্রাস্টের বার্ষিক আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় প্রতিবছর ১৮০ কোটি টাকার ঘাটতি সৃষ্টি হচ্ছে।

বিএনপি দলীয় সদস্য (মানিকগঞ্জ-২) মঈনুল ইসলাম খানের প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি (এমপিওভুক্ত) শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ ৭৭ হাজার ২২৭টি। শূন্যপদ পূরণের লক্ষ্যে ই-রিকুইজিশন প্রক্রিয়ার মাধ্যমে সারাদেশে ৭৭ হাজার ২২৭টি শূন্যপদের তালিকা সংগ্রহ করা হয়েছে। এসব পদ পূরণের জন্য শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পর্যায়ক্রমে যোগ্য প্রার্থীদের মাধ্যমে পদগুলো পূরণ করা হবে।

জামায়াতের সদস্য (জয়পুরহাট-১) ফজলুর রহমান সাইদের প্রশ্নে মন্ত্রী বলেন, এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে। সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে ও শর্তাবলি পূরণ সাপেক্ষে নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াতের সদস্য (নীলফামারী-১) আব্দুস সাত্তারের প্রশ্নের উত্তরে তিনি জানান, এক হাজার ৩২৭টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির জন্য আবেদন করেছে। নীতিমালা অনুযায়ী সঠিক মানদণ্ড পাওয়া গেলে পর্যায়ক্রমে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

বিএনপি দলীয় সদস্য (বগুড়া-৪) মোশারফ হোসেনের প্রশ্নের উত্তরে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, নিম্নআয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার জন্য কড়াইল বস্তিসহ ৫৮টি সাইট চিহ্নিত করা হয়েছে। এসব চিহ্নিত এলাকায় সরকারি-বেসরকারি উদ্যোগে এক লাখ ফ্ল্যাট নিম্নআয়ের মানুষের জন্য সংস্থান করা হবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ