নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক:
রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি থাকার কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে আগামী ১০টি শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনার কথা জানানো হয়।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, রমজানের ছুটির পর বিদ্যালয়সমূহে নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হলে পরবর্তী ১০টি শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও পাঠদান কার্যক্রম চালু থাকবে। শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতেই মন্ত্রণালয় এই বিশেষ নির্দেশনা প্রদান করেছে।
ইতিমধ্যেই এই সিদ্ধান্তের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য দেশের সকল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে।








